আলোচনা সভায় শেখ হাসিনা
যুদ্ধাপরাধীরা টাকা দিয়ে বিচারপ্রক্রিয়ায় প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে
যুদ্ধাপরাধীদের বিচারপ্রক্রিয়া শুরু হওয়ায় ষড়যন্ত্রের আশঙ্কা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ওদের কাছে হাজার হাজার কোটি টাকা আছে। বিচারপ্রক্রিয়ায় অনেক প্রতিবন্ধকতা তৈরি করতে ষড়যন্ত্র করবে। সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাবে। তাই সবাইকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকতে হবে। তাহলেই যুদ্ধাপরাধীদের বিচার করা সম্ভব। আজ শনিবার বঙ্গবন্ধু আন্তজার্তিক সম্মেলন কেন্দ্রে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুদ্ধাপরাধীদের বিচারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, স্বাধীনতার এই মাসে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। যারা পাকিস্তানি হানাদারদের সঙ্গে হাত মিলিয়ে ৩০ লাখ মানুষ হত্যা করেছে, দুই লাখ মা-বোনের সম্ভ্রম কেড়ে নিয়েছে, তাদের বিচার হবেই। তিনি বলেন, বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। জাতীয় চার নেতা হত্যার বিচার, বিডিআর সদর দপ্তরে সেনা কর্মকর্তাদের হত্যারও বিচার করা হবে।বিদ্যুতের সংকটের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি পাঁচ বছরে এক মেগাওয়াট বিদ্যুত্ও উত্পাদন করেনি। হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। এদের পরের দুই বছরও কোনো উত্পাদন হয়নি। অথচ বর্তমানে বিদ্যুতের চাহিদা প্রায় সাত হাজার মেগাওয়াট। তিনি বলেন, বিদ্যুত্ রাতারাতি উত্পাদন করা যায় না। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ৭০০ মেগাওয়াট বিদ্যুত্ জাতীয় গ্রিডে যোগ হয়েছে। এ বছরের মধ্যে আরও ৮০০ মেগাওয়াট যোগ হবে। ২০১৪ সালের মধ্যে সাত হাজার মেগাওয়াট বিদ্যুত্ উত্পাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, বিএনপি এক নতুন কৌশল নিয়েছে। তারা বলছে, যুদ্ধাপরাধীদের বিচারপ্রক্রিয়া স্বচ্ছ হতে হবে—এসব কথা বলে তারা বিচারপ্রক্রিয়া বানচালের চেষ্টা করছে। কারণ যে দলের স্থায়ী কমিটি ও কেন্দ্রীয় কমিটিতে যুদ্ধাপরাধী আছে, সেই দল কখনোই এ বিচার হোক তা চাইবে না। তিনি দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ষড়যন্ত্র হবে, বিভ্রান্তি ছড়াবে। তাই সবাইকে সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে। সৈয়দ আশরাফ বলেন, যুদ্ধাপরাধীদের বিচারপ্রক্রিয়া শুরু করার মাধ্যমে ১৯৭১ সালের পর এই প্রথম জাতিকে ঐক্যবদ্ধ করার সুযোগ করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, বঙ্গবন্ধু হত্যার বিচারের রায় কার্যকর হয়েছে। যুদ্ধাপরাধীদেরও বিচার হবে এবং তা কার্যকর হবে।সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তৃতা করেন, মুস্তাফা নূরউল ইসলাম, মহীউদ্দিন খান আলমগীর, ইউসুফ হোসেন হুমায়ুন, ইয়াফেস ওসমান, মাহবুবুল আলম হানিফ, আবদুল মতিন খসরু, এম এ আজিজ প্রমুখ। অনুষ্ঠিত সভায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন নূহ উল আলম লেনিন।