যুদ্ধাপরাধীরা বিচার বানচালের চেষ্টা করছে: সৈয়দ আশরাফ
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, একাত্তরের যুদ্ধাপরাধীরা আজ অনেক শক্তিশালী। তারা বসে না থেকে বিচার বানচালের চেষ্টা করছে। সবাইকে সেদিকে খেয়াল রাখতে হবে। এই বিচারপ্রক্রিয়া শেষ করতে গণজাগরণ সৃষ্টি করতে হবে।প্রথম আলো আয়োজিত ‘গণহত্যা, মানবতার বিরুদ্ধে অপরাধ ও যুদ্ধাপরাধের বিচার’ শীর্ষক গোলটেবিলে আজ মঙ্গলবার সৈয়দ আশরাফ এসব কথা বলেন।সৈয়দ আশরাফ বলেন, যুদ্ধাপরাধের বিচার মানুষের দীর্ঘদিনের দাবি। অনেকেই বলেন, স্বাধীনতার ৪০ বছর পর এই প্রক্রিয়া শুরু হচ্ছে, এটি ঠিক নয়। স্বাধীনতার পরপরই এই প্রক্রিয়া শুরু হয়েছিল। কিন্তু বঙ্গবন্ধু মারা যাওয়ার পর জিয়া ক্ষমতায় এসে সব বন্দীকে মুক্ত করে দেন। এতে বিচারপ্রক্রিয়া বন্ধ হয়ে যায়।সৈয়দ আশরাফ বলেন, বিদ্যুত্ ও পানিসংকটের সঙ্গে এই বিচারের কোনো সম্পর্ক নেই। বিচারের কাজ করবেন আদালত। সরকার নাগরিক সমস্যাগুলো সমাধান করবে। যারা বিচার চায় না, তারাই এসব বলছে। মন্ত্রী বলেন, যুদ্ধাপরাধের বিচারে আন্তর্জাতিকভাবে স্বচ্ছতা থাকবে। এর মাধ্যমে নতুন প্রজন্মের কাছে স্বাধীনতা সংগ্রামের অনেককিছু পরিষ্কার হয়ে যাবে।গোলটেবিল বৈঠকে আরও বক্তব্য দেন বিচারপতি গোলাম রাব্বানী, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক আসিফ নজরুল, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, সাবেক আইনমন্ত্রী মওদুদ আহমদ, সাবেক সেনাপ্রধান কে এম শফিউল্লাহ, ফরিদা বানু ও মীজানুর রহমান।