যুদ্ধাপরাধের অভিযোগে কুষ্টিয়ায় ১৩ জনের বিরুদ্ধে মামলা
১৯৭১ সালে যুদ্ধাপরাধের অভিযোগে কুষ্টিয়ার দৌলতপুর থানায় আজ মঙ্গলবার ১৩ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলাটি করেন জেলার দৌলতপুর উপজেলার খলিশাকুণ্ডি ইউনিয়নের গাছের দাইড় গ্রামের মুক্তিযোদ্ধা খোকা মালিথার ছেলে রবজেল হোসেন মালিথা।মামলার আসামিরা হলেন গাছের দাইড় গ্রামের রেজাউল হক (৬১), সোনা মিয়া (৫৮), আতাহার আলী (৬২), সাত্তার মিয়া (৬৫), আমান (৬৯), আফসার আলী (৬৯), মুনসের আলী (৭০), আনসের আলী (৫৮), ফরমান আলী (৬৯), মান্নান মিয়া (৬৪), রমজান মণ্ডল (৬৬), কাশেম (৬৪) ও পার্শ্ববর্তী গ্রাম হূদিপুরের খোরশেদ আলী (৬২)।এজাহারে রবজেল হোসেন মালিথা বলেন, আসামিরা মুক্তিযুদ্ধ চলাকালে ১০ আগস্ট ভোররাতে বাড়িতে ঘুমানো অবস্থায় তাঁর বাবা মুক্তিযোদ্ধা খোকা মালিথা ও তাঁর ভাই তোফাজ্জেল মালিথাকে বাড়ি থেকে ডেকে আমলা সাগরখালী ব্রিজের ওপর নিয়ে চোখ বেঁধে হত্যা করেন। পরে তাঁদের বাড়িতে লুটতরাজ করে অগ্নিসংযোগ করা হয়।দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান বলেন, গতকাল সোমবার রাতে ওই মামলার বাদী লিখিত অভিযোগ আনেন। আজ সকালে তা এজাহারভুক্ত করা হয়।