যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তারকৃতরা খুদে বার্তায় যোগাযোগ করছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুদ্ধাপরাধের অভিযোগে আটক জামায়াতে ইসলামী ও বিএনপির নেতারা কারাগার থেকে মুঠোফোনের খুদে বার্তার মাধ্যমে নিজ দলের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছেন। এই অভিযোগ তুলেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। আজ মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই অভিযোগ তোলা হয়। সংসদীয় কমিটি যুদ্ধাপরাধের অভিযোগে আটক ব্যক্তিদের কঠোর পর্যবেক্ষণের মধ্যে রাখার জন্য কারা কর্তৃপক্ষকে সুপারিশ করেছে। আরও বলেছে, কারাগারে আটক কেউই যেন মুঠোফোনে কারও সঙ্গে যোগাযোগ করতে না পারে। বৈঠক শেষে কমিটির সদস্য সফিকুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান। সংসদ সচিবালয় থেকে জানানো হয়, বৈঠকে জামায়াতসহ যুদ্ধাপরাধের সঙ্গে জড়িত সংগঠন ও ব্যক্তির কাছ থেকে পুলিশকে কোনো ধরনের অনুদান গ্রহণ না করার তাগিদ দেওয়া হয়েছে। এ ছাড়া ‘প্রজন্ম চত্বরে’ যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে চলমান আন্দোলনে জড়িত ব্লগার ও অনলাইন কর্মীদের নিরাপত্তা জোরদার করতে বলা হয়েছে। একই সঙ্গে প্রয়াত ব্লগার রাজীব হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের সুপারিশ করা হয়। সফিকুল ইসলাম বলেন, ‘শাহবাগ থেকে মাঝেমধ্যে শিবির কর্মী আটকের খবর পাওয়া যাচ্ছে। সে জন্য পুলিশকে ওই এলাকার নিরাপত্তা জোরদার করতে বলা হয়েছে। বৈঠক সূত্র জানায়, কমিটির সভাপতি মো. ছায়েদুল হক যুদ্ধাপরাধীদের খুদে বার্তার মাধ্যমে যোগাযোগের বিষয়টি তুলে ধরেন। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, নিয়ম অনুযায়ী আটক কোনো বন্দী মুঠোফোনে যোগাযোগ করতে পারে না। সংসদীয় কমিটি বিষয়টি জানানোয় তারা এ বিষয়ে সতর্কতা অবলম্বন করবে। ছায়েদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, মুজিবুল হক, হাবিবর রহমান, সানজিদা খানম ও সফিকুল ইসলাম অংশ নেন।