বিজয়ের অপার আনন্দে উচ্ছ্বসিত জাতি যুদ্ধাপরাধের বিচার দ্রুত শেষ করার দাবি জানিয়েছে। গতকাল বৃহস্পতিবার ভোর থেকে গভীর রাত পর্যন্ত মুক্তিযুদ্ধের মহান বিজয়ের ৩৯তম বার্ষিকীর উৎসবে শামিল হয়েছিল সারা বাংলার আবালবৃদ্ধবনিতা। ঢাকা মহানগর আক্ষরিক অর্থেই পরিণত হয়েছিল আনন্দনগরে। গৌরবময় বিজয়ের আনন্দের দিনে দেশবাসী স্মরণ করেছে তাঁদের, যাঁরা দেশমাতৃকার পরাধীনতা ঘোচাতে সম্পদে-সম্ভ্রমে অপরিসীম ত্যাগ স্বীকার করেছেন। বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছেন আত্মদানকারী শহীদদের প্রতি।রাজধানীর তেজগাঁও পুরাতন বিমানবন্দরে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে মহান বিজয় দিবসের কর্মসূচির সূচনা হয়েছিল। এর পরই জনতার স্রোত শুরু হয় নগরের অদূরবর্তী সাভারের জাতীয় স্মৃতিসৌধের প্রতি। সেখানে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া, মুক্তিযোদ্ধা, মন্ত্রী, সাংসদ, তিন বাহিনীর প্রধানেরা, বিদেশি কূটনীতিকসহ সর্বস্তরের মানুষ। তেজগাঁওয়ে জাতীয় প্যারেড স্কয়ারে ছিল বিজয় দিবসের কুচকাওয়াজ।গানে ও ভাষণে: বুধবার মধ্যরাত থেকেই শহরের পাড়া-মহল্লায় মাইকে বাজছিল মুক্তিযুদ্ধে প্রেরণা জোগানো গান: ‘জয় বাংলা বাংলার জয়’, ‘এক সাগর রক্তের বিনিময়ে’, ‘মোরা একটি ফুলকে বাঁচাব বলে’, ‘তীরহারা এই ঢেউয়ের সাগর’। এমন গানের পাশাপাশি ছিল স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বজ্রনির্ঘোষ কণ্ঠের ভাষণ, ‘আর যদি একটা গুলি চলে, যদি আমার মানুষকে হত্যা করা হয়...।’ কাল সারা দিনও শহরজুড়ে বেজেছে গান আর ভাষণ। সেই উদ্দীপ্ত করা গানে ও ভাষণে আবহই বদলে যায় শহরের।উচ্ছ্বাসের জোয়ার: গণজোয়ারের উচ্ছ্বাস ছিল এবার মহানগরের বিজয় উৎসবে। পরিবেশ ছিল অত্যন্ত স্বতঃস্ফূর্ত। ছুটির দিন। ভোর থেকেই নগরবাসী ঘর থেকে বেরিয়ে এসেছিল। চাকরিজীবীরা স্ত্রী-সন্তানদের নিয়ে, তরুণ-তরুণীরা ঘুরেছেন দল বেঁধে। উৎসবের প্রধান কেন্দ্র ছিল রমনা, সোহরাওয়ার্দী উদ্যান, টিএসসি, শহীদ মিনার হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। এ ছাড়া ধানমন্ডিতে রবীন্দ্রসরোবর মঞ্চকে কেন্দ্র করে পুরো লেকের পাড় এবং জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় গ্রামীণফোন আয়োজিত ‘আমার দেশ আমার গর্ব’ নামের বিজয় মেলায় লোকসমাগম ছিল বিপুল।রোদের তাতানো গরম নেই। হালকা কুয়াশার চাদর জড়ানো মৃদুমন্দ শীতল হাওয়া বেড়ানোর জন্যও ছিল সুবিধাজনক। উৎসবে আসা মানুষ চলতে চলতে ক্লান্ত হলে গাছতলায় বসে একটু জিরিয়ে নিয়েছে। সেখানেও জমে উঠেছে নিজেদের মধ্যে আড্ডা। মঞ্চগুলোর অনুষ্ঠান ছাড়াও নিজেরাই ছোট ছোট দলে তবলা, হারমোনিয়াম নিয়ে গান করেছেন অনেকে এসব এলাকায়। রবির সহযোগিতায় বিজয় মেলার আয়োজন ছিল চ্যানেল আই কার্যালয়ে। এ ছাড়া হরেক রকমের পণ্যের পসরা নিয়ে পল্লি মেলার আদলে আসর বসেছিল দোয়েল চত্বর থেকে টিএসসি মোড় পর্যন্ত।সকাল থেকেই লোকজন পথে নামতে শুরু করলেও দুপুরের পর থেকে শাহবাগ-বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক উৎসবের প্রধান কেন্দ্র জনসমুদ্রে পরিণত হয়। ধানমন্ডি ও সংসদ এলাকায়ও উৎসবমুখর পরিবেশ ছিল। এতে ছুটির দিনেও তীব্র যানজটের সৃষ্টি হয়।পিঠাপুলি: খানাদানা ছাড়া ঠিক উৎসব জমে না। শীতের ভাপা, চিতই, তেলের পিঠার মতো শহরজুড়েই পিঠাপুলির আয়োজন করে রেখেছেন অস্থায়ী বিক্রেতারা; সঙ্গে গরম চা। কাজেই ঘুরে বেড়ানো আর অনুষ্ঠান উপভোগের সঙ্গে পিঠাপুলির স্বাদ নিতেও আগ্রহী ছিলেন উৎসবে শামিল বহুজন। লাল-সবুজের নগর: লাল-সবুজের নগর হয়ে উঠেছিল ঢাকা। পথের মাঝখানে বিভক্তি আর সড়কদ্বীপগুলো সাজানো হয়েছিল জাতীয় পতাকায়। পতাকা উড়ছিল ঘরবাড়ির ছাদে, দোকানের কার্নিশে, যান্ত্রিক-অযান্ত্রিক সব ধরনের যানবাহনে, শিশুদের হাতে। ব্যক্তিগত সাজসজ্জাও লাল-সবুজে। শাড়ি, সালোয়ার-কামিজ, পাঞ্জাবি, ফতুয়া বা টি-শার্ট—সবকিছুতেই জাতীয় পতাকার রঙের স্পর্শ। মাথায় পতাকার ছাপ দেওয়া ব্যান্ড, টুপি, বাহুতে-চিবুকে আঁকা জাতীয় পতাকা। এই পতাকার জন্যই তো রক্তের স্রোতে বাংলার মাটি ভিজিয়ে দিয়েছিলেন দেশমাতৃকার বীর সন্তানেরা। বিজয় উৎসবে সেই উত্তরাধিকার সগৌরবে বহন করেছে উত্তর প্রজন্ম।মিছিলে মিছিলে: এবারের বিজয় উৎসবের আনন্দ-উচ্ছ্বাসে একটি বিশেষ বৈশিষ্ট্য ছিল বহু খণ্ডমিছিল আর শোভাযাত্রা। শিল্পকলা একাডেমী, সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও সংস্থা বের করেছিল বিজয় শোভাযাত্রা। এ ছাড়া রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠনগুলোও সারা দিন বিভিন্ন সময় বিজয় মিছিল করে। বাদ্য-বাজনা সহযোগে সেই মিছিলগুলো পথ পরিক্রম করে। শোভাযাত্রায় মুুুক্তিযুদ্ধের রণাঙ্গনের দৃশ্য, অস্ত্র হাতে মুক্তিযোদ্ধা, মা-বোনদের ওপর হানাদারদের অত্যাচারের প্রতীকী দৃশ্য তুলে ধরা হয়। এসব মিছিল ও শোভাযাত্রা থেকে দ্রুত যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন করে তাদের উপযুক্ত সাজা নিশ্চিত করার দাবি তোলা হয়।এবার ট্রাকে সাজানো ভ্রাম্যমাণ মঞ্চ ছিল প্রচুর। বরাবর সাংস্কৃতিক সংগঠনগুলোই মূলত এ ধরনের ভ্রাম্যমাণ মঞ্চ করে বিভিন্ন এলাকায় গিয়ে অনুষ্ঠান করত। এবার যুক্ত হয়েছেন সাংসদ ও ওয়ার্ড কাউন্সিলররা। তাঁদের ছবিসংবলিত ট্রাকগুলো কখনো চার-পাঁচটি একত্রে শোভাযাত্রার মতো পথ পরিক্রম করেছে, কখনো ঘুরেছে আলাদাভাবে।কুচকাওয়াজ: পুরাতন বিমানবন্দরে জাতীয় কুচকাওয়াজ ময়দানে সকালে ছিল মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বিজয় দিবসের কুচকাওয়াজ। সেনা, নৌ, বিমানবাহিনী, পুলিশ, র্যাব, আনসার, বিএনসিসি, কোস্টগার্ড, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা এতে অংশ নেন। রাষ্ট্রপতি জিল্লুর রহমান কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুচকাওয়াজ পরিদর্শন করেন। সরকারি-বেসরকারি কর্মকর্তা ও সর্বস্তরের জনসাধারণের সঙ্গে ভারত থেকে আসা মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী মিত্রবাহিনীর সফররত দলের সদস্যরাও কুচকাওয়াজ পরিদর্শন করেন।শহীদদের প্রতি শ্রদ্ধা: পোশাকে-বুকে দেশের মানচিত্র, কপালে লাল-সবুজ পতাকা; আর মুখে যুদ্ধাপরাধীদের বিচারের দাবি নিয়ে লাখো মানুষের ঢল। কাল ভোর থেকে এমন দৃশ্য ছিল সাভারে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে। স্মৃতিসৌধ প্রাঙ্গণের পুকুরগুলো যেন বিজয়ের এই দিনটিকে স্বাগত জানিয়ে সেজেছিল জাতীয় ফুল শাপলার সাজে। স্বাধীনতা ভোগ করার দায় শোধ করতে সকাল থেকে স্মৃতিসৌধে ভিড় করেছিলেন শিশু থেকে বৃদ্ধ সব স্তরের মানুষ। ভোর সাড়ে ছয়টায় রাষ্ট্রপতি জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মৃতিসৌধে আসেন ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে। বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া আসেন সাড়ে সাতটায়। তারপর মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলসহ বিভিন্ন ইউনিটের মুক্তিযোদ্ধারা ফুল দেন। দেশের বেশির ভাগ রাজনৈতিক দল শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে জড়ো হয়েছিল। দল বেঁধে মিছিল করে একে একে ফুল দিয়েছে স্মৃতিসৌধের বেদিতে। স্মৃতিসৌধে ফুল দিতে আসা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘আগামী কয়েক মাসের মধ্যে যুদ্ধাপরাধের বিচার আনুষ্ঠানিকভাবে শুরু হবে।’ সরকারের বর্তমান মেয়াদের মধ্যে বিচারকাজ শেষ হবে বলে জানান তিনি।সকাল সোয়া ১০টায় শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসে গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেন, একাত্তরে জাতীয় মতৈক্যের ভিত্তিতে বিজয় এসেছিল। যুদ্ধাপরাধের বিচারও জাতীয় মতৈক্যের ভিত্তিতে করতে হবে। একে একে রাজনৈতিক দলগুলোর ফুল দেওয়া শেষ হলে স্মৃতিসৌধে জনতার ঢল বাড়তে থাকে। হাজার থেকে লাখো জনতার মহামিলনক্ষেত্রে পরিণত হয় স্মৃতিসৌধ চত্বর। মাইকে তখন বাজছিল স্বাধীনতা-আন্দোলনের সময়কার দেশাত্মবোধক গান।