যুদ্ধাপরাধের প্রত্যক্ষদর্শী পাওয়ার সম্ভাবনা রয়েছে: প্রধান কৌঁসুলি
মানবতাবিরোধী অপরাধের বিচারে আইনজীবী প্যানেলের প্রধান কৌঁসুলি গোলাম আরিফ টিপু বলেন, ‘দীর্ঘ ৪০ বছর আগের যে ঘটনা সেই ঘটনার প্রত্যক্ষদর্শী পাওয়ার ক্ষেত্রে সম্ভাবনা রয়েছে।’ আজ বৃহস্পতিবার পুরোনো হাইকোর্টে স্থাপিত যুদ্ধাপরাধ আদালতে নিজ চেম্বারে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।প্রধান কৌঁসুলি আরও বলেন, ‘যাঁরা পারিপার্শ্বিক অবস্থাটা দেখেছেন; গ্রামবাসী, আত্মীয়স্বজন, তাঁরা যত সুন্দর করে বলতে পারবেন অন্য কেউ পারবেন না। আর যাঁরা ভিকটিম ছিলেন তাঁরা তো মারা গিয়েছেন। মারা যাওয়ার ফলে তাঁদেরকে তো পাওয়ার সম্ভাবনা নেই। নারীদের যেভাবে নির্যাতন করেছে সেটা তো গ্রামবাসী জানে, আত্মীয়স্বজন জানেন, ভুক্তভোগীরা জানেন, প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে সেগুলো তথ্য পাওয়া যাবে।’গোলাম আরিফ আরও বলেন, ‘আমরা আইনমন্ত্রীসহ আরও যাঁরা থাকার কথা তাঁদের নিয়ে বসে আলাপ-আলোচনা করব। আমরা যেন একটা সফল আইনজীবী প্যানেল তৈরি করতে পারি। এখানে সাংসদের থাকার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। বরং এটা বিভিন্ন প্রশ্ন তুলতে পারে।’