যুদ্ধাপরাধের বিচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খ্রিষ্টীয় দিনপঞ্জির যে বছরটি আজ শেষ হচ্ছে, ২০১০ সালজুড়ে দেশের রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল যুদ্ধাপরাধ তথা একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচার। স্বাধীনতার পর থেকেই জনগণ যুদ্ধাপরাধ বিচারের দাবি জানিয়ে আসছিল। এ লক্ষ্যে গঠন করা হয়েছিল আন্তর্জাতিক যুদ্ধাপরাধ (আদালত) আইন। কিন্তু রাজনীতির ঘূর্ণাবর্তে এত দিন সেই আরাধ্য কাজ সম্পন্ন হতে পারেনি। সেই দৃষ্টিকোণ থেকে ২০১০ সালটি বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে, যদি আমরা এর বিচারিক প্রক্রিয়াকে যৌক্তিক পরিণতির দিকে নিয়ে যেতে সক্ষম হই।দীর্ঘ প্রতীক্ষা এবং রাজনৈতিক বিতর্কের পর গত ২৫ মার্চ ৩৯তম স্বাধীনতা দিবসের আগের দিন বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে গঠিত হয় একাত্তরের মানবতাবিরোধী অপরাধসংক্রান্ত বিশেষ আদালত। এর আগে অবশ্য তদন্তকারী সংস্থা ও আইনজীবী প্যানেল সদস্যদের নাম ঘোষণা করে সরকার। এরপর যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার করা হয় জামায়াতের পাঁচ শীর্ষ নেতা মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, দেলাওয়ার হোসাইন সাঈদী, মোহাম্মদ কামারুজ্জামান ও আবদুল কাদের মোল্লাকে। সবশেষে গ্রেপ্তার হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী। এর মাধ্যমে একাত্তরে হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগসহ ঘৃণ্য অপরাধে যারা লিপ্ত ছিল, তাদের বিচারের প্রাথমিক প্রক্রিয়া শুরু হয়েছে । আশার কথা, যুদ্ধাপরাধীদের বিচারে সরকার বহির্বিশ্বে যে ধরনের বিরোধিতার মুখে পড়বে বলে আশঙ্কা করা হয়েছিল, তা ভিত্তিহীন প্রমাণিত হয়েছে। কোনো দেশই এর বিরোধিতা করেনি। একাত্তরে যেসব দেশ পাকিস্তানকে সমর্থন করেছিল, তারাও এই বিচার-প্রক্রিয়াকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলে মেনে নিয়েছে। এটি সরকারের জন্য আশীর্বাদ হতে পারে, যদি বিচারিক প্রক্রিয়া সঠিকভাবে পরিচালিত হয়।যুদ্ধাপরাধের বিচার আমাদের দেশ ও জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। আইনের শাসন ও সামাজিক ন্যায় প্রতিষ্ঠার জন্যও যুদ্ধাপরাধের বিচার হওয়া জরুরি। সমাজের বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ এই বিচারের দাবিতে সোচ্চার হলেও রাজনৈতিক অঙ্গনে অনাকাঙ্ক্ষিত বিতর্ক রয়েই গেছে। আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার বিচারের উদ্যোগ নিলেও প্রধান বিরোধী দল বিএনপি এর বিরোধিতা করছে। মৌলবাদী জামায়াতে ইসলামীর বিরোধিতার কারণ হলো, দলটি একাত্তরে দখলদার পাকিস্তানি সেনাদের হত্যাসহ নানা অপরাধে শরিক হয়েছিল। কিন্তু স্বাধীনতার আট বছর পর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বিএনপি কেন যুদ্ধাপরাধের পক্ষে অবস্থান নেবে? দলটিতে দু-চারজন চিহ্নিত যুদ্ধাপরাধী আছে, সেই জন্য? কিন্তু তার চেয়েও বেশি আছেন মুক্তিযোদ্ধা। তাঁদের আকাঙ্ক্ষা, দলটির নেতৃত্বে যাঁরা আছেন, তাঁরা বুঝতে চেষ্টা করেছেন বলে মনে হয় না।সরকার ও আদালতের সামনে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যুদ্ধাপরাধের তথ্য-প্রমাণ হাজির করা। কেননা, অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে হলে অকাট্য তথ্য-প্রমাণ ও সাক্ষ্য দেখাতে হবে। স্বীকার করতে হবে, স্বাধীনতার ৩৯ বছর পর অনেক তথ্য-প্রমাণ হারিয়ে গেছে, সাক্ষীদেরও অনেকে বেঁচে নেই। তার পরেও অপরাধীদের অপরাধের মাত্রা এত জায়মান যে তা প্রমাণ করা অসম্ভব নয়। সে জন্য তদন্ত দলকে কাজ করতে হবে সর্বোচ্চ পেশাদারি দক্ষতা ও উৎকর্ষের সঙ্গে। এ ক্ষেত্রে তাদের কিছুটা কৌশলী হতে হবে। অতি প্রচারণা অনেক সময় বুমেরাং হতে পারে, বিপন্ন হতে পারে সাক্ষীদের জীবন। বিশেষ আদালতের প্রধান কৌঁসুলি গোলাম আরিফ টিপু তাঁদের নিরাপত্তায় আইন করার কথা বলেছেন। সম্প্রতি সেক্টর কমান্ডারস ফোরামের সম্মেলন থেকেও যুদ্ধাপরাধের বিচার দ্রুত করার তাগিদ দেওয়া হয়েছে। সাবেক প্রধান বিচারপতি ও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমানও বলেছেন, যুদ্ধাপরাধের বিচার যত দ্রুত হয়, ততই মঙ্গল। বছর শেষে আশার খবর হলো, ২৯ ডিসেম্বর তদন্ত কর্মকর্তারা অন্যতম আসামি দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র পেশ করেছেন। প্রত্যাশা থাকবে, অন্যান্য আসামির বিরুদ্ধেও তাঁরা অবিলম্বে অভিযোগপত্র পেশ করে আদালতিক কাজ শুরু করার পথ উন্মুক্ত করবেন।