যুদ্ধাপরাধের বিচার ও গণতান্ত্রিক ধারা বজায় রাখার শপথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখা ও যুদ্ধাপরাধের বিচার শেষ না হওয়া পর্যন্ত রাজপথে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল। রাজধানীর দুই প্রান্ত গাবতলী থেকে যাত্রাবাড়ী পর্যন্ত ১৪ কিলোমিটার রাস্তাজুড়ে কয়েক হাজার মানুষের মানববন্ধন কর্মসূচি থেকে এ প্রত্যয় ব্যক্ত করা হয়। গতকাল মঙ্গলবার বেলা তিনটা থেকে বিকেল চারটা পর্যন্ত এই মানববন্ধনে অংশ নেওয়া ১৪ দলের নেতারা বলেন, মানববন্ধনের মাধ্যমে জনগণ গণতন্ত্র ও যুদ্ধাপরাধীদের বিচারের পক্ষে মত প্রকাশ করেছে। সব ষড়যন্ত্র ব্যর্থ করে দেশে রাজনৈতিক ধারা অব্যাহত রাখা হবে।গাবতলী বাসস্ট্যান্ড থেকে মানববন্ধন শুরু হয়ে তা শ্যামলী, আসাদগেট, কলাবাগান, রাসেল স্কোয়ার, গ্রিন রোড, বসুন্ধরা মার্কেট, সোনারগাঁও হোটেল মোড় হয়ে শাহবাগ, সোহরাওয়ার্দী উদ্যানের সামনে দিয়ে মৎস্য ভবন, প্রেসক্লাব, পল্টন মোড়, নূর হোসেন স্কোয়ার, গুলিস্তান, বঙ্গবন্ধু স্কোয়ার, ইত্তেফাক মোড়, রাজধানী সুপার মার্কেট, সায়েদাবাদ হয়ে যাত্রাবাড়ীতে শেষ হয়। এ দীর্ঘ পথে বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নিলেও কিছু স্থানে রাস্তা ছিল ফাঁকা। বিভিন্ন স্থানে আওয়ামী লীগসহ ১৪ দলের কেন্দ্রীয় নেতারা মানববন্ধনে নেতৃত্ব দেন। কয়েকটি জায়গায় বিক্ষুব্ধ কর্মীরা যুদ্ধাপরাধী হিসেবে অভিযুক্ত গোলাম আযম, মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও দেলাওয়ার হোসাইন সাঈদীর প্রতীকী কুশপুত্তলিকা বানিয়ে তাতে অগ্নিসংযোগ করেন।কর্মসূচি চলাকালে রাস্তায় যানবাহন চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করা হয়। তবে কোথাও কোথাও কর্মসূচির কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়। স্বামীবাগ থেকে যাত্রাবাড়ী পর্যন্ত রাস্তার এক পাশ যানজটের কারণে যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে যায়।বঙ্গবন্ধু স্টেডিয়াম থেকে বঙ্গবন্ধু স্কোয়ার এলাকায় ১৪ দলের জ্যেষ্ঠ নেতারা অবস্থান করেন। সেখানে মহানগর আওয়ামী লীগের নেতা শাহ আলমের পরিচালনায় সংক্ষিপ্ত সমাবেশে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু বলেন, এ কর্মসূচির মধ্য দিয়ে এটা প্রমাণিত যে জনগণ সরকারের প্রতি আস্থা রেখেছে। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, যুদ্ধাপরাধীদের বিচার দাবিতে জনগণ ঐক্যবদ্ধ। তিনি বিরোধী দলের উদ্দেশে বলেন, ষড়যন্ত্র ছেড়ে গণতন্ত্রের পথে আসুন, নির্বাচনের পথে আসুন। সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেন, একাত্তরের মতোই জাতিকে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে ঐক্যবদ্ধ হতে হবে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, সারা দেশের মানুষ যখন যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে স্বতঃস্ফূর্তভাবে মাঠে নেমেছে, তখন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের পক্ষে নেমেছেন। এ ছাড়া বিভিন্ন স্থানে মানববন্ধনে অংশ নেন আওয়ামী লীগের নেতা তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, মহীউদ্দীন খান আলমগীর, যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের, দীপু মনি, আহমদ হোসেন, জাসদের হাসানুল হক ইনু প্রমুখ। শাহবাগের বারডেম হাসপাতাল মোড়ে মানববন্ধন শুরু হয় বেলা তিনটা ১০ মিনিটে। সোয়া তিনটা পর্যন্ত জাতীয় টেনিস কমপ্লেক্সের প্রধান ফটকের সামনে থেকে রমনা পার্কের ওভারব্রিজ পর্যন্ত কোনো মানববন্ধন ছিল না। এ সময় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ ও হবিগঞ্জ-৩ আসনের সরকারদলীয় সাংসদ আবু জাহিরের পক্ষে ব্যানার হাতে ৫০-৬০ জন মানববন্ধন রচনা করেন। সেখান থেকে সড়ক ভবনের কোনা পর্যন্ত খালি ছিল। বেলা সাড়ে তিনটা পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের উত্তর-পূর্ব কোণ থেকে পল্টন পুলিশ বক্সের আগ পর্যন্ত জায়গাটুকু খালি ছিল। পুলিশ বক্সের সামনে বাংলাদেশের সাম্যবাদী দল ও বাংলাদেশ ছাত্র আন্দোলন মানববন্ধন করে। জিপিওর পশ্চিম দিক থেকে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ চত্বর, মওলানা ভাসানী হকি স্টেডিয়ামের পাশ, বঙ্গভবনের সামনের পার্কের উত্তর গেট পর্যন্ত আওয়ামী লীগ ও মহাজোটের শরিক দলগুলো বিপুলসংখ্যক নেতা-কর্মী নিয়ে মানববন্ধন করে। তিনটা ৪৩ মিনিট পর্যন্ত গুলিস্তান পার্ক থেকে টয়েনবি সার্কুলার রোড় হয়ে ইত্তেফাক মোড়ের সামান্য আগ পর্যন্ত খালি ছিল।আমিনবাজার সেতুসংলগ্ন সড়কের বাম পাশে ব্যানার, পতাকা নিয়ে দাঁড়িয়ে টেকনিক্যাল মোড় পর্যন্ত মানববন্ধন করেন তিন শতাধিক লোক। টেকনিক্যাল মোড় থেকে শ্যামলী পর্যন্ত কোনো মানববন্ধন দেখা না গেলেও শ্যামলী মোড় থেকে আসাদগেট পর্যন্ত সড়কের ডান পাশে মানববন্ধন করেন ভাগে ভাগে নেতা-কর্মীরা। এরপর শাহবাগ পর্যন্ত মানববন্ধন দেখা যায়নি।