যুদ্ধাপরাধের বিচার ঠেকাতে সরকারের ভেতরেই একটি শক্তি সক্রিয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুদ্ধাপরাধীদের বিচার ঠেকাতে আওয়ামী লীগ সরকারের ভেতরেই একটি শক্তি কাজ করছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে এক মতবিনিময় সভায় তিনি এই দাবি করেন।পদ্মা সেতুর অর্থায়ন নিয়ে বিশ্বব্যাংকের সঙ্গে টানাপোড়েন ও বিশ্বজিত্ হত্যা যুদ্ধাপরাধের বিচার বানচালের ষড়যন্ত্র—প্রধানমন্ত্রীর এমন একটি বক্তব্য উল্লেখ করে মওদুদ আহমদ বলেন, ‘প্রধানমন্ত্রী মাঝে মাঝে সত্য বলে ফেলেন। সারা বিশ্ব জানে, পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতিতে প্রধানমন্ত্রীর মন্ত্রী-আত্মীয়দের কারা জড়িত। সারা বিশ্ব জানে, বিশ্বজিেক ছাত্রলীগের চিহ্নিত সন্ত্রাসীরা হত্যা করেছে। সুতরাং, তারাই যুদ্ধাপরাধীদের বিচার বানচালের ষড়যন্ত্র করছে।’ বিশ্বব্যাংক পদ্মা সেতুতে অর্থায়ন না করে চলে গেলে সরকার ‘হাঁফ ছেড়ে বাঁচবে’ মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, পদ্মা সেতু হোক, বিশ্বব্যাংক অর্থায়ন করুক, সরকার তা চায় না। কারণ, বিশ্বব্যাংক দুর্নীতির পথ বন্ধ করে দিয়েছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) সরকারের ‘এজেন্ট’ হিসেবে কাজ করছে মন্তব্য করে তিনি বলেন, দুদক সরকারের ফরমায়েশে মামলা করেছে। আর এ কারণেই বিশ্বব্যাংক পদ্মা সেতুতে অর্থায়ন থেকে বিরত থাকবে। সরকার এখন মাটি, বালু দিয়ে পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপনের চিন্তা করছে বলেও মন্তব্য করেন মওদুদ আহমদ। জাতিসংঘে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘শান্তির মডেল’ প্রস্তাব গৃহীত হওয়া প্রসঙ্গে মওদুদ বলেন, ‘জাতিসংঘ মনে হয় জানে না, প্রধানমন্ত্রী দেশে অশান্তির মডেল কায়েম করেছেন। এটি জানলে হয়তো পুরস্কার দিত।’ বিএনপি জোটের চলমান আন্দোলন প্রসঙ্গে মওদুদ বলেন, আন্দোলন একটি গতিশীল প্রক্রিয়া। তার নিজস্ব প্রক্রিয়া, স্তর আছে। এ আন্দোলন ঠেকানোর কোনো উপায় নেই।স্বাধীনতা ফোরাম নামের একটি সংগঠন ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মাহমুদুর রহমান সরকারের টার্গেট কেন?’ শীর্ষক ওই মতবিনিময়ের আয়োজন করে।অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মো. রহমতুল্লাহ প্রমুখ বক্তব্য দেন।