প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বর্তমান সরকার একাত্তরের যুদ্ধাপরাধী ও মানবতাবিরোধীদের বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়েছে। আন্তর্জাতিক মান অনুসরণ করে বিচারকাজ হচ্ছে। যুদ্ধাপরাধীদের বিচার না হলে বাংলাদেশ অভিশাপমুক্ত হবে না।আজ রোববার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে রাষ্ট্রের সর্বোচ্চ সম্মান স্বাধীনতাপদক প্রদানকালে প্রধানমন্ত্রী এ কথা বলেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমরা গণতন্ত্র পেয়েছি। এখন আমাদের লক্ষ্য হচ্ছে অর্থনৈতিক মুক্তি অর্জন। দেশকে শান্তিপূর্ণ রাষ্ট্র হিসেবে বিশ্বের বুকে প্রতিষ্ঠিত করা। সরকার সেই লক্ষ্য নিয়ে কাজ করছে। জঙ্গিবাদ ও সন্ত্রাস নির্মূলে সরকারের অবস্থান বিশ্বব্যাপী স্বীকৃত ও প্রশংসিত হয়েছে। তিনি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।জাতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে এবং জাতির স্বাধীনতা-সংগ্রামের অম্লান চেতনা সমুন্নত রাখা ও বাস্তবায়নে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ প্রতি বছর বাংলাদেশের নাগরিক বা বিভিন্ন প্রতিষ্ঠানকে স্বাধীনতাপদক দেওয়া হয়। এবার এই পদক পেয়েছেন ১০ জন। পুরস্কার হিসেবে রয়েছে ১৮ ক্যারেট মানের স্বর্ণ দিয়ে তৈরি ৫০ গ্রাম ওজনের একটি পদক, দুই লাখ টাকার চেক ও একটি সম্মাননাপত্র।স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে অবদানের জন্য আগরতলা ষড়যন্ত্র মামলার ২ নম্বর আসামি শহীদ লেফটেন্যান্ট কমান্ডার মোয়াজ্জেম হোসেনের পক্ষে তাঁর স্ত্রী কোহিনূর মোয়াজ্জেম হোসেন পুরস্কার গ্রহণ করেন। সিরাজগঞ্জে প্রতিরোধযুদ্ধের সংগঠক মহকুমা প্রশাসক শহীদ আবুল কালাম শামসুদ্দিনের পক্ষে তাঁর ছেলে আবুল কালাম সালাউদ্দিন প্রধানমন্ত্রীর কাছ থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ।চাঁদপুরে মুক্তিবাহিনীর চিকিত্সকের দায়িত্ব পালনকারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী, মুক্তিযোদ্ধা নয়ীম গহর, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রাণ গোপাল দত্ত, কৃষিবিজ্ঞানী ড. কাজী এম বদরুদ্দোজা, পদার্থবিদ ড. কামরুল হায়দার এবং মোহাম্মদ রফিকুল ইসলাম প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার গ্রহণ করেন।সাংবাদিকতায় দৈনিক সংবাদের সাবেক সম্পাদক বজলুর রহমানের পক্ষে তাঁর স্ত্রী কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এবং সাহিত্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আবুল ফজলের পক্ষে মেয়ে মমতাজ জাহান পুরস্কার নেন।অনুষ্ঠানটি পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া। মন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, বিশিষ্ট নাগরিক, সচিব ও ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।