যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়া শুরু
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়েছে। স্বাধীনতার ৩৯তম বার্ষিকী সামনে রেখে সরকার গতকাল বৃহস্পতিবার ২৫ মার্চ যুদ্ধাপরাধীদের বিচারের জন্য ট্রাইব্যুনাল, তদন্ত সংস্থা ও আইনজীবী প্যানেল গঠন করে।১৯৭১ সালের ২৫ মার্চ রাতে ঢাকায় ‘অপারেশন সার্চলাইট’ নামে গণহত্যা শুরু করে পাকিস্তানি সামরিক বাহিনী। মুক্তিযুদ্ধের দীর্ঘ নয় মাস পাকিস্তানি সামরিক বাহিনীর এদেশীয় সহযোগীরা রাজাকার, আলবদর, আলশামস বাহিনী গঠন করে। তারা সারা দেশে গণহত্যা, লুণ্ঠন, অগ্নিসংযোগ করে। তারা নারীদের সম্ভ্রমহানি করে। প্রায় এক কোটি বাঙালিকে দেশত্যাগে বাধ্য করে।গত নির্বাচনে আওয়ামী লীগের অন্যতম নির্বাচনী অঙ্গীকার ছিল যুদ্ধাপরাধের বিচার। ক্ষমতা গ্রহণের সোয়া এক বছর পর গতকাল প্রতিশ্রুতি অনুযায়ী যুদ্ধাপরাধীদের বিচারের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে সরকার। তবে এর আগে পুরাতন হাইকোর্ট ভবনকে আদালত হিসেবে প্রস্তুত করা হয়েছে।আইনমন্ত্রী শফিক আহমেদ গতকাল এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে যুদ্ধাপরাধীদের বিচার-প্রক্রিয়া শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী ও মুক্তিবাহিনীর উপ-অধিনায়ক এয়ার ভাইস মার্শাল (অব.) এ কে খন্দকার, স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান সিকদার, আইনসচিব আনোয়ারুল হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।ট্রাইব্যুনাল: বিচারপতি মো. নিজামুল হককে চেয়ারম্যান করে তিন সদস্যের ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি এ টি এম ফজলে কবীর এবং অবসরপ্রাপ্ত জেলা জজ এ কে এম জহির আহমেদ।আইনমন্ত্রী জানান, আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) অ্যাক্টের ৬ ধারার ক্ষমতাবলে প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করে সরকার এই ট্রাইব্যুনাল গঠন করেছে।এর আগে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সচিবালয়ের দপ্তরে ট্রাইব্যুনাল, তদন্ত সংস্থা ও আইনজীবী প্যানেলের নাম অনুমোদন করেন। রাষ্ট্রপতি জিল্লুর রহমান দুপুরে ট্রাইব্যুনালের নাম অনুমোদন করেন। রাতেই তা গেজেট আকারে প্রকাশ করা হয়।আইনজীবী প্যানেল: ১২ সদস্যের আইনজীবী প্যানেলের প্রধান (চিফ প্রসিকিউটর) করা হয়েছে গোলাম আরিফকে। অন্য সদস্যরা হচ্ছেন: সৈয়দ রেজাউর রহমান, গোলাম হাসনাইন, রানা দাশগুপ্ত, জহিরুল হক, নুরুল ইসলাম, সৈয়দ হায়দার আলী, খন্দকার আবদুল মান্নান, মোশারফ হোসেন, জিয়াদ-আল-মালুম, সানজিদা খানম ও সুলতান মাহমুদ।তদন্তকারী সংস্থা: সাবেক জেলা জজ ও আইন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব আবদুল মতিনের সমন্বয়ে সাত সদস্যের তদন্তকারী সংস্থা নিয়োগ দেওয়া হয়েছে। সংস্থার অন্য সদস্যরা হচ্ছেন: পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক আবদুর রহিম, সাবেক উপমহাপরিদর্শক কুতুবুর রহমান, মেজর (অব.) এ এস এম সামসুল আরেফিন, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত উপমহাপরিদর্শক মীর শহীদুল ইসলাম, একই বিভাগের পরিদর্শক নুরুল ইসলাম ও আবদুর রাজ্জাক খান।সংবাদ সম্মেলনে আইনমন্ত্রী বলেন, গতকাল থেকেই ট্রাইব্যুনাল, আইনজীবী প্যানেল ও তদন্তকারী সংস্থার কার্যক্রম শুরু হয়েছে। তদন্তে যাদের নাম আসবে তারাই বিচারের সম্মুখীন হবে। তথ্য, সাক্ষ্য-প্রমাণ সংগ্রহসহ আনুষঙ্গিক কাজে তদন্তে কিছু সময় লাগবে বলে জানান তিনি।আইনমন্ত্রী বলেন, তদন্ত সংস্থা নিজ উদ্যোগে তথ্য-প্রমাণ জোগাড় করে সে অনুযায়ী ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করবে। আবার সংক্ষুব্ধ ব্যক্তিরা সরাসরি তদন্ত সংস্থার কাছে অভিযোগ করতে পারবেন। তিনি বলেন, তদন্ত ও বিচার-প্রক্রিয়া চলমান থাকবে।জানা গেছে, ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে একমাত্র সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চে আপিল করা যাবে। প্রসঙ্গত, যুদ্ধাপরাধের বিচারের জন্য ১৯৭২ সালে দালাল আইনে সারা দেশে ৬২টি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল। সে সময় ১১ হাজার যুদ্ধাপরাধীকে চিহ্নিত করে বিচারের কাজ শুরু হয়। এর মধ্যে ৭৫২ জনের বিভিন্ন মেয়াদে সাজা হয়। পূর্ব পাকিস্তানের গভর্নর আবদুল মালেককে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছিলেন ট্রাইব্যুনাল। পঁচাত্তরের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার পর ট্রাইব্যুনাল বিলুপ্ত করা হয় এবং আটক অপরাধীদের ছেড়ে দেওয়া হয়।গত তত্ত্বাবধায়ক সরকারের সময় সেক্টর কমান্ডারস ফোরাম, এর আগে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি এবং বর্তমান মহাজোটের শরিক বাম দলগুলোর পক্ষ থেকে যুদ্ধাপরাধীদের বিচারের জন্য আন্দোলন-সংগ্রাম করা হয়। নব্বইয়ের দশকে শহীদজননী জাহানারা ইমামের নেতৃত্বে সারা দেশে যুদ্ধাপরাধের বিচারের দাবিতে গণ-আন্দোলন গড়ে ওঠে। তখন গণ-তদন্ত কমিশন করে বেশ কয়েকজনকে প্রতীকী মৃত্যুদণ্ড দেওয়া হয়।যাদের বিচার হবে: মুক্তিযুদ্ধ চলাকালে সরাসরি যেসব ব্যক্তি খুন, ধর্ষণ, লুণ্ঠন, অগ্নিসংযোগসহ আন্তর্জাতিকভাবে মানবতাবিরোধী হিসেবে স্বীকৃত অপরাধে জড়িত, তাদের বিচারের নীতি ঠিক করেছে সরকার। পাশাপাশি যারা এসব কাজের পরিকল্পনাকারী ও মদদদানকারী, তাদেরও বিচারের আওতায় আনা হবে।পাকিস্তান আর্মি অ্যাক্টে ১৯৭১ সালে যাদের সহযোগী বাহিনী (অক্সিলারি ফোর্স) হিসেবে ঘোষণা দেওয়া আছে, তাদের মধ্যে যারা যুদ্ধাপরাধে যুক্ত ছিল, তাদের বিচারের সম্মুখীন করা হবে।পাকিস্তান আর্মি অ্যাক্টে আলবদর, আলশামস ও রাজাকার বাহিনীকে পাকিস্তান সেনাবাহিনীর সহযোগী বাহিনী হিসেবে ঘোষণা করা আছে।আইন: ১৯৭৩ সালের ২০ জুলাই জাতীয় সংসদে একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচারের জন্য আইন প্রণয়ন করা হয়। এ আইনে তিন থেকে পাঁচ সদস্যের ট্রাইব্যুনালকে হাইকোর্টের সমমর্যাদা দেওয়া হয়।আইনের ৩ নম্বর ধারায় বলা হয়েছে, সশস্ত্র বাহিনী, প্রতিরক্ষা অথবা সহযোগী বাহিনীসহ যেকোনো দেশের নাগরিকের বিচার করতে পারবেন ট্রাইব্যুনাল। এ আইন প্রণয়নের আগে বা পরে আইন ভঙ্গ করলে অপরাধীদের বিচারের ক্ষমতা ট্রাইব্যুনালকে দেওয়া হয়েছে।৩(২) ধারায় অপরাধের প্রকৃতিগুলোও চিহ্নিত করা হয়েছে। এ ধারা অনুযায়ী হত্যা, ধ্বংস, জোর করে অবরুদ্ধ রাখা, অপহরণ, নির্যাতন, ধর্ষণ প্রভৃতি মানবতার বিরুদ্ধে অপরাধ যখন কোনো বেসামরিক ব্যক্তির বিরুদ্ধে করা হয়, তখন তা এই আইনে বিচার হবে।এ ছাড়া গণহত্যা, যুদ্ধ আইনের লঙ্ঘন এবং আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের বিচারও এ আদালতে হবে।‘ইন্টারন্যাশনাল ক্রাইমস (ট্রাইব্যুনাল) অ্যাক্ট’ অনুযায়ী যুদ্ধাপরাধীদের বিচার করার দায়িত্ব কেবল সরকারের। এমনকি এই আইনে দায়ের হওয়া মামলার অনুসন্ধানের জন্য পৃথক তদন্ত ইউনিট গঠনের ক্ষমতাও দেওয়া হয়েছে সরকারকে। ৩৭ বছর ধরে দেশে এ আইন বলবত্ থাকলেও এর আওতায় আজ পর্যন্ত সরকার কোনো মামলা করেনি।বিচারালয় পরিদর্শন: এদিকে গতকাল বৃহস্পতিবার আইনমন্ত্রী, পরিকল্পনামন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী পুরাতন হাইকোর্ট ভবনে যুদ্ধাপরাধের বিচারালয় পরিদর্শন করেন। তাঁরা প্রতিটি কক্ষ ঘুরে দেখেন।এ সময় সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি এ কে খন্দকার উপস্থিত সাংবাদিকদের বলেন, দেরিতে হলেও বিচার-প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে, এ জন্য তাঁরা খুশি। তিনি মনে করেন, তদন্তে বিলম্বের কোনো কারণ নেই। যুদ্ধাপরাধীদের সবাই চেনে। অনেকেই তাদের বিরুদ্ধে সাক্ষ্যপ্রমাণ দিতে প্রস্তুত।