যুদ্ধাপরাধের বিচার বন্ধে সৌদি চাপ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচার বন্ধে সৌদি সরকারের পক্ষ থেকে কোনো ধরনের চাপ নেই। এ ছাড়া সৌদি পার্লামেন্টের সফররত স্পিকার আবদুল্লাহ বিন মোহাম্মদ বিন ইব্রাহিম আল শেখ যুদ্ধাপরাধের বিচারের প্রসঙ্গটি আলোচনায় তোলেননি।পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি আজ মঙ্গলবার সৌদি পার্লামেন্টের স্পিকারের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেছেন। তিনি আজ সকালে ইব্রাহিম আল শেখের সঙ্গে হোটেল সোনারগাঁওয়ে দেখা করেন।রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদের সঙ্গে আলোচনায়ও যুদ্ধাপরাধের প্রসঙ্গটি তোলেননি সৌদি পার্লামেন্টের স্পিকার। ওই বৈঠকে উপস্থিত কর্মকর্তারা প্রথম আলো ডটকমকে বিষয়টি জানিয়েছেন।সৌদি পার্লামেন্টের স্পিকারের সঙ্গে বৈঠকটি অত্যন্ত আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলে সাংবাদিকদের জানান দীপু মনি। তিনি বলেন, আলোচনায় যুদ্ধাপরাধের প্রসঙ্গটি আসেনি। পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনায় বাংলাদেশে সৌদি বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি ও দক্ষ জনশক্তি নিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন সৌদি পার্লামেন্টের স্পিকার। সৌদি স্পিকার বলেন, বাংলাদেশের সঙ্গে সৌদি আরবের বিশেষ সম্পর্ক রয়েছে। এ সম্পর্ক আগামী দিনে আরও সম্প্রসারিত করতে আগ্রহী সৌদি আরব। এ লক্ষ্যে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদার হবে। জনশক্তি নেওয়ার ব্যাপারে সৌদি কর্তৃপক্ষ বিদেশি শ্রমিকদের ব্যাপারে একটি সুষম পদ্ধতি চালু করতে যাচ্ছে। প্রতিযোগিতামূলক এ প্রক্রিয়ার আওতায় বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নেবে সৌদি কর্তৃপক্ষ। খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত্: বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতার সঙ্গে আজ দুপুরে দেখা করেছেন সৌদি পার্লামেন্টের স্পিকার আবদুল্লাহ বিন মোহাম্মদ বিন ইব্রাহিম আল শেখ। বৈঠক শেষে তিনি বলেন, বিরোধীদলীয় নেতা ক্ষমতায় থাকাকালে সৌদি আরবের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে যে ভূমিকা পালন করেন এবং এখনো যে ভূমিকা পালন করছেন, তা স্মরণ করি। বৈঠকে দুই দেশের সম্পর্কের আরও উন্নয়নের বিষয়ে আলোচনা হয়েছে।বৈঠক শেষে বিএনপির সমন্বয়ক তরিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, বৈঠকে উভয় নেতা ভ্রাতৃপ্রতিম দুই মুসলিম দেশের সম্পর্ক উন্নয়নের বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করেছেন। বিরোধীদলীয় নেতা সৌদি আরবে আরও বেশি করে বাংলাদেশের লোক নেওয়ার আহ্বান জানান। বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।