সৌদি পার্লামেন্টের স্পিকারের সঙ্গে বৈঠক
যুদ্ধাপরাধের বিচার বন্ধে সৌদি চাপ নেই: দীপু মনি
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচার বন্ধে সৌদি আরব সরকারের পক্ষ থেকে কোনো ধরনের চাপ নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। তিনি বলেন, এ ছাড়া সৌদি পার্লামেন্টের সফররত স্পিকার আবদুল্লাহ বিন মোহাম্মদ বিন ইব্রাহিম আল শেখ যুদ্ধাপরাধের বিচারের প্রসঙ্গটি আলোচনায় তোলেননি।দীপু মনি গতকাল মঙ্গলবার সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ইব্রাহিম আল শেখের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর সাংবাদিকদের এসব কথা বলেন।রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদের সঙ্গে আলোচনাকালেও সৌদি পার্লামেন্টের স্পিকার যুদ্ধাপরাধের প্রসঙ্গটি তোলেননি বলে বৈঠকগুলোতে উপস্থিত কর্মকর্তারা প্রথম আলোকে জানিয়েছেন।দীপু মনি সাংবাদিকদের জানান, সৌদি পার্লামেন্টের স্পিকারের সঙ্গে অত্যন্ত আন্তরিক পরিবেশে তাঁর বৈঠক হয়েছে। আলোচনায় যুদ্ধাপরাধের প্রসঙ্গটি আসেনি।পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনায় বাংলাদেশে সৌদি বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি দক্ষ জনশক্তি নিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন ইব্রাহিম আল শেখ।সৌদি স্পিকার বলেন, বাংলাদেশের সঙ্গে সৌদি আরবের বিশেষ সম্পর্ক রয়েছে। এ সম্পর্ক ভবিষ্যতে আরও সম্প্রসারিত করতে সৌদি আরব আগ্রহী। এ লক্ষ্যে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদার হবে। জনশক্তি নেওয়ার ব্যাপারে সৌদি কর্তৃপক্ষ বিদেশি শ্রমিকদের বিষয়ে একটি সুষম পদ্ধতি চালু করতে যাচ্ছে। প্রতিযোগিতামূলক এ প্রক্রিয়ার আওতায় বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নেবে সৌদি কর্তৃপক্ষ।খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ: এদিকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দুপুরে গুলশানে সাক্ষাৎ করেন সৌদি পার্লামেন্টের স্পিকার। বৈঠক শেষে ইব্রাহিম আল শেখ সাংবাদিকদের বলেন, ‘বিরোধীদলীয় নেতা ক্ষমতায় থাকাকালে সৌদি আরবের সঙ্গে সম্পর্কোন্নয়নের ক্ষেত্রে যে ভূমিকা পালন করেছেন এবং এখনো যে ভূমিকা পালন করছেন, তা স্মরণ করি। বৈঠকে দুই দেশের সম্পর্ক আরও উন্নয়নের বিষয়ে আলোচনা হয়েছে।’বিএনপির সমন্বয়ক তরিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, উভয় নেতা ভ্রাতৃপ্রতীম দুই দেশের সম্পর্কোন্নয়নের বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করেন। বিরোধীদলীয় নেতা বাংলাদেশি নাগরিকদের আরও বেশি করে সৌদি আরবে নেওয়ার আহ্বান জানান। বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিহ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।