যুদ্ধাপরাধের বিচার শুরুর প্রস্তুতি শেষ পর্যায়ে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, যুদ্ধাপরাধের বিচার শুরুর প্রস্তুতি শেষ পর্যায়ে। শিগগিরই বিচারকাজ শুরু হবে। বাংলাদেশ আওয়ামী যুব আইনজীবী পরিষদ আয়োজিত নবীন আইনজীবীদের বরণ ও সংবর্ধনা অনুষ্ঠানে তিনি আজ রোববার দুপুরে এ কথা বলেন। ঢাকা আইনজীবী সমিতির হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।যুদ্ধাপরাধের বিচার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘নির্বাচনী ইশতেহারে আমরা বলেছি, আমরা যুদ্ধাপরাধের বিচার করব। অচিরেই এ বিচার শুরু হবে। বাংলার মাটিতে যুদ্ধাপরাধের বিচার হবেই হবে।’বঙ্গবন্ধুর পাঁচ খুনির মৃত্যুদণ্ড কার্যকর হওয়ায় সন্তোষ প্রকাশ করে সাহারা খাতুন বলেন, বিদেশে পলাতক ছয় আসামিকে দেশে আনার চেষ্টা চলছে। ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্টও জারি করা হয়েছে। এসব আসামিকে দ্রুততম সময়ের মধ্যে ফিরিয়ে আনার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন তিনি। একই সঙ্গে তিনি এ ব্যাপারে নেতা-কর্মী ও দেশবাসীকে কিছুদিন অপেক্ষা করার আহ্বান জানান। বঙ্গবন্ধুর খুনিদের ফাঁসি কার্যকর হওয়ার পর এ ব্যাপারে বিএনপির প্রতিক্রিয়া না জানানো প্রসঙ্গে সাংবাদিকদের তিনি বলেন, ‘কেউ নিশ্চুপ থাকলে আমার কিছু করার নেই।’স্বরাষ্ট্রমন্ত্রী আবারও দাবি করেন, অতীতের যেকোনো সময়ের তুলনায় বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো আছে। তিনি নবীন আইনজীবীদের সততা ও স্বচ্ছতার সঙ্গে কাজ করার পরামর্শ দেন।