যুদ্ধাপরাধের বিচার শেষ করতে সর্বোচ্চ চেষ্টা করা হবে: আশরাফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় সরকারমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, বর্তমান সরকারের সময়ে মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের বিচার শুরু হয়েছে। সরকারের এ মেয়াদেই যুদ্ধাপরাধের বিচার সম্পন্ন করতে সর্বোচ্চ চেষ্টা করা হবে। সেটা সম্ভব না হলেও যুদ্ধাপরাধীদের বড় একটি অংশের বিচার এ সরকারের সময়েই হবে বলে তিনি মন্তব্য করেন।আজ সোমবার ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সৈয়দ আশরাফুল ইসলাম এ কথা বলেন।সৈয়দ আশরাফ জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডে সাজাপ্রাপ্ত খুনিদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। স্বাধীনতার ঘোষণা নিয়ে যে বিভ্রান্তি চলছে, তা দূর করার আহ্বান জানিয়ে তিনি বলেন, বঙ্গবন্ধু সাত মার্চের ভাষণে শুধু স্বাধীনতা আন্দোলনের রূপরেখাই নয়, বাঙালি জাতীয়তাবাদের রূপরেখাও দিয়েছেন। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে অর্থনৈতিক মুক্তি অর্জনে সরকার কাজ করছে বলেও তিনি জানান।দিবসটি উপলক্ষে সকাল সাতটায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে তিনি আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় মন্ত্রিসভার সদস্য, আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। ১৯৭১ সালের এ দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তত্কালীন রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) লাখো মানুষের সামনে স্বাধীনতার ডাক দিয়েছিলেন। তাঁর ঐতিহাসিক সেই ভাষণ এ দেশের জনগণকে দারুণভাবে আন্দোলিত করে। ‘বীর বাঙালি অস্ত্র ধর, বাংলাদেশ স্বাধীন কর’ স্লোগানে স্বাধীনতার জন্য উন্মুখ জাতি বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়েছিল। সেদিন বঙ্গবন্ধু যুদ্ধের প্রস্তুতি নেওয়ার নির্দেশও দিয়েছিলেন। ‘প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোল। তোমাদের যা কিছু আছে তা-ই নিয়ে শত্রুর মোকাবিলা করতে হবে...।’রাষ্ট্রীয়ভাবে আজকের এ দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।দিবসটি যথাযথ মর্যাদায় পালনের জন্য আওয়ামী লীগের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। বেলা তিনটায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা।