যুদ্ধাপরাধের বিচারকে স্বাগত জানালেন দুই বিশিষ্ট পাকিস্তানি
পাকিস্তানের বিশিষ্ট দুই নাগরিক ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে মানবতার বিরুদ্ধে অপরাধের জন্য দায়ী ব্যক্তিদের বিচারের জন্য বাংলাদেশের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছেন, ইতিহাস ও আগামী প্রজন্মের স্বার্থে এই বিচার সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়া জরুরি। খবর বাসসের।সাংবাদিক হামিদ মির বলেন, ‘১৯৭১ সালে নিরপরাধ নাগরিক হত্যার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে যেকোনো উদ্যোগকে আমি স্বাগত জানাই এবং যেকোনো সচেতন ব্যক্তির আইন অনুযায়ী এসব অপরাধীর বিচার সমর্থন করা উচিত।’পাকিস্তানের জঙ্গিবাদের ওপর অনুসন্ধানী সাংবাদিকতার জন্য খ্যাত এবং মানবাধিকার বিষয়ে উচ্চকণ্ঠ হামিদ মির ইসলামাবাদ থেকে টেলিফোন সাক্ষাৎকারে বলেন, ‘পাকিস্তানের যেসব কর্মকর্তা মানবাধিকার লঙ্ঘন ও গণহত্যার জন্য দায়ী, তা সে ১৯৭১, ১৯৭৭, ১৯৯৯ অথবা ২০১০ সালে করে থাকুক না কেন এবং যেখানেই হোক না কেন, তাদের বিরুদ্ধে যেকোনো শাস্তির প্রক্রিয়াকেও আমি সমর্থন করব।’ তিনি বলেন, ‘যুদ্ধাপরাধীরা আমাদের সবারই শত্রু। তারা ঢাকায় এবং অন্যান্য শহরে বাঙালিদের হত্যা করেছে এবং করাচি, লাহোর, কোয়েটা ও পেশোয়ার সম্পর্কে নেতিবাচক মনোভাব তৈরি করেছে। অথচ এসব জায়গার সাধারণ মানুষ জানত না যে পূর্ব পাকিস্তানে কী ঘটছে।’১৯৭১ সালের ২৫ মার্চের হত্যাকাণ্ডের আংশিক প্রত্যক্ষদর্শী পাকিস্তানের অপর মানবাধিকার নেত্রী বেগম নাসিম আখতার মালিক টেলিফোনে বাসসকে বলেন, ‘১৯৭১ এর যুদ্ধাপরাধীদের বিচার হতেই হবে।’ বর্তমানে ছেলেদের সঙ্গে লন্ডনে বসবাসরত নাসিম মালিক টেলিফোনে বলেন, যুদ্ধাপরাধীদের বিচার না হলে আগামী প্রজন্ম ইতিহাস সম্পর্কে জানতে পারবে না, এমনকি ইতিহাস থেকে কিছু শিখতেও পারবে না। যুদ্ধাপরাধীরা যাতে ১৯৭১ সালের মতো ধর্মের নামে বিচারপ্রক্রিয়া থেকে বেরিয়ে আসার সুযোগ না পায়, সে জন্য তিনি বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে জনমত তৈরি করতে ব্যাপক জনসচেতনতা সৃষ্টির পরামর্শ দেন। এ বছর মার্চে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হওয়ার পর গত সোমবার এই ট্রাইব্যুনাল জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, জ্যেষ্ঠ সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান ও আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর পাকিস্তানের দুই বিশিষ্ট নাগরিক এ মন্তব্য করেন।বাংলাদেশ স্বাধীন হওয়ার পরপর ‘যুদ্ধাপরাধী’ হিসেবে পাকিস্তানের ১৯৫ জন সেনা কর্মকর্তার যে তালিকা করা হয়েছিল, তাঁদের বিচার সম্পর্কে জানতে চাইলে হামিদ মির পাকিস্তানি যুদ্ধাপরাধীদের বিচারের ওপর গুরুত্বারোপ করে বলেন, পাকিস্তানি সেনা কর্মকর্তারা শুধু তদানীন্তন সংযুক্ত পাকিস্তানের বাংলাদেশি নাগরিকদেরকেই হত্যা করেনি, তাঁরা ১৯৫৮ থেকে ১৯৬৯ সময়কালে জেনারেল আইয়ুব খানের শাসনামলে বেলুচিস্তানের নিরপরাধ মানুষকেও হত্যা করেছে। তিনি বলেন, অপর স্বৈরশাসক জেনারেল ইয়াহিয়া খান ১৯৭১ সালে বাংলাদেশে হত্যাযজ্ঞের জন্য দায়ী। ১৯৭১ সালে নিরস্ত্র, নিরপরাধ বাঙালির ওপর গণহত্যা ও নির্যাতন চালানোর জন্য বাংলাদেশের কাছে পাকিস্তান সরকারের ক্ষমা চাওয়ার ব্যাপারে বাঙালিদের দীর্ঘদিনের দাবি সম্পর্কে মতামত জানতে চাইলে হামিদ মির বলেন, দুই দেশের মধ্যকার সম্পর্ক দৃঢ় করতে বাংলাদেশের কাছে ইসলামাবাদের ক্ষমা চাওয়া উচিত। তিনি বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ এবং সাবেক সেনাশাসক মোশাররফ অতীতে এ বিষয়ে নমনীয়তা প্রকাশ করলেও কখনোই সরকারিভাবে ক্ষমা চাওয়ার বিষয়টি উত্থাপিত হয়নি। আমি পাকিস্তান এবং বাংলাদেশকে ভালোবাসি। তাই আমি অনেকবার আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়ার দাবি এবং এর প্রতি সমর্থন জানিয়েছি।’ তিনি আরও বলেন, ‘আমি মনে করি ক্ষমা চাইলে দুই দেশের মধ্যকার সম্পর্ক আরও সুদৃঢ় হবে।’নাসিম আখতারের মন্তব্যেও একই সুর ধ্বনিত হয়েছে। তিনি বলেন, ‘আজ হোক, কাল হোক, পাকিস্তানকে ক্ষমা চাইতেই হবে’। তিনি আরও বলেন, তার দেশের প্রগতিশীল রাজনৈতিক নেতারা এবং সাধারণ নাগরিক মনে করে, ইসলামাবাদের ক্ষমা চাওয়া উচিত।