যুদ্ধাপরাধের বিচারে আন্তর্জাতিক সমর্থন রয়েছে: দীপু মনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুদ্ধাপরাধের বিচারে আন্তর্জাতিক সমর্থন রয়েছে। এ বিচারপ্রক্রিয়া হবে স্বচ্ছ। ভবিষ্যতে কোনো মহল যেন প্রশ্ন তুলতে না পারে, সেজন্য যুদ্ধাপরাধের বিচারে আন্তর্জাতিক মান নিশ্চিত করা হবে।আজ বুধবার ‘যুদ্ধাপরাধের বিচার ও প্রাসঙ্গিক ভাবনা’ শীর্ষক এক আলোচনা সভায় পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি এ কথা বলেন। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এ সভার আয়োজন করে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন কমিটি।সভায় প্রধান অতিথির বক্তৃতায় দীপু মনি বলেন, ‘দায়িত্ব নেওয়ার পর থেকে বিভিন্ন সময় ৪০টির বেশি দেশের পররাষ্ট্রমন্ত্রী, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে আমি যুদ্ধাপরাধের বিচার নিয়ে আলোচনা করেছি। যুদ্ধাপরাধের বিচারে তাঁদের কাছ থেকে আমরা সমর্থন পেয়েছি।’দীপু মনি বলেন, যুদ্ধাপরাধের বিচারপ্রক্রিয়া হবে স্বচ্ছ। তাদের ন্যায়বিচার হবে। কোনো সংকীর্ণ দলীয় রাজনৈতিক চিন্তা থেকে কাউকে কাঠগড়ায় দাঁড় করানো হবে না। যাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ রয়েছে, তদন্ত করে অভিযোগপত্র দিয়ে তাদের বিচার করা হবে।পররাষ্ট্রমন্ত্রী বলেন, সবাই ঐক্যবদ্ধ থাকলে কোনো বাধাই যুদ্ধাপরাধের বিচার ঠেকাতে পারবে না। বিচার শুরু হলে প্রতি মুহূর্তে নাশকতার চেষ্টা করা হতে পারে। তবে তা সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে। সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক প্রতিটি ক্ষেত্রে যুদ্ধাপরাধীদের বর্জনের আহ্বান জানান তিনি।সভায় সেক্টর কমান্ডারস ফোরামের মহাসচিব ও সাবেক সেনাপ্রধান লে. জেনারেল হারুন-অর-রশীদ বলেন, মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারদের বিভক্তির কারণেই যুদ্ধাপরাধীরা এত মাথাচাড়া দিয়ে উঠেছে। তবে স্বাধীন বাংলাদেশে যুদ্ধাপরাধীদের জীবিত থাকার কোনো অধিকার নেই। তাদের বিচার হতেই হবে।অনুষ্ঠানের সভাপতি মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন কমিটির সভাপতি আবদুল আহাদ চৌধুরী বলেন, যুদ্ধাপরাধীদের বিচার হলেই মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের শহীদদের মর্যাদা দেওয়া হবে।সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা-সম্পাদক আফজাল হোসেন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহসভাপতি গোলাম কুদ্দুছ, প্রজন্ম একাত্তরের সভাপতি শাহীন রেজা নূর, ওয়ার্ল্ড ইউনিভার্সিটির উপাচার্য আবদুল মান্নান চৌধুরী প্রমুখ।