পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের আওয়ামী লীগ দলীয় সাংসদ গোলাম মাওলা রনী যুদ্ধাপরাধের বিচার ও পদ্মা সেতু নির্মাণে ‘বাধাদানকারীদের’ সহায়তা করছেন বলে দাবি করেছেন গলাচিপা উপজেলা আওয়ামী লীগের নেতারা। গতকাল শনিবার সকালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এই দাবি করা হয়। এদিকে উপজেলা আওয়ামী লীগ ও দলের গোলাম মাওলা-সমর্থিত অংশ গলাচিপায় একই সময় একই স্থানে কর্মসূচি ঘোষণা করায় গতকাল সকাল থেকে সেখানে ১৪৪ ধারা জারি করা হয়।সংবাদ সম্মেলনে নেতারা অভিযোগ করেন, এর আগে গলাচিপার পানপট্টিতে যুদ্ধাপরাধের বিচারের দাবিতে আয়োজিত দলীয় সমাবেশ সাংসদ গোলাম মাওলার নেতৃত্বে হামলা চালিয়ে পণ্ড করা হয়। তিনি (গোলাম মাওলা) কোনো সময়ই আওয়ামী লীগের পক্ষে কাজ করেননি। বরং আওয়ামী লীগবিরোধীদের উসকানি দিয়েছেন।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সন্তোষ কুমার দে, সহসভাপতি ও পৌরসভার মেয়র আবদুল ওহাব খলিফা, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, যুগ্ম সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক সরদার মো. শাহ আলম, শামসুজ্জামান প্রমুখ।গত সোমবার একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের আলোচনা অনুষ্ঠানে সাংসদ গোলাম মাওলা বলেন, প্রধানমন্ত্রীর ইচ্ছায় ‘দৌড় প্রতিযোগিতায়’ প্রথম হয়ে সৈয়দ আবুল হোসেন যোগাযোগমন্ত্রী হয়েছেন। তাঁর এ বক্তব্যের কারণে গত বৃহস্পতিবার ঢাকায় আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় গোলাম মাওলার সমালোচনা করেন প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং আওয়ামী লীগের একজন জ্যেষ্ঠ সাংসদ। এর পরিপ্রেক্ষিতে শুক্রবার সন্ধ্যায় গলাচিপা উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে সভা করা হয়। সভায় শনিবার (গতকাল) সকাল ১০টায় গলাচিপা পৌরমঞ্চে প্রতিবাদ সমাবেশ করার সিদ্ধান্ত হয়। গত শুক্রবার রাতে সাংসদ গোলাম মাওলার অনুসারীরা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুল ওহাব খলিফার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে শহরে মিছিল করেন। এই মিছিল থেকে গতকাল শনিবার সকাল ১০টায় গলাচিপা পৌরমঞ্চে জনসভার ঘোষণা দেওয়া হয়। উদ্ভূত পরিস্থিতিতে উপজেলা প্রশাসন গতকাল সকাল থেকে পৌরমঞ্চ ও পার্শ্ববর্তী এলাকায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লস্কার তাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, আওয়ামী লীগের বিবদমান দুই পক্ষ একই জায়গায় একই সময় সভা ডাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। শহরের বিভিন্ন স্থানে র্যাব ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সমাবেশ করতে না পেরে গতকাল সকাল ১০টায় দলীয় কার্যালয়ে ওই সংবাদ সম্মেলন করা হয়। অন্যদিকে গোলাম মাওলা-সমর্থিত নেতারা গতকাল বেলা ১১টায় গলাচিপা মডেল মাধ্যমিক বিদ্যালয়সংলগ্ন তাঁদের কার্যালয়ে পাল্টা সংবাদ সম্মেলন করেন। এতে তাঁরা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য উপজেলা আওয়ামী লীগের নেতাদের দায়ী করেন। এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন: আওয়ামী লীগের সাংসদ-সমর্থিত অংশের সাধারণ সম্পাদক কাজী সহিদুল হক, মো. শামীম মিয়া, মাইনুল ইসলাম প্রমুখ।কাজী সহিদুল হক প্রথম আলোকে বলেন, ‘প্রধানমন্ত্রী সাংসদকে কী বলেছেন না-বলেছেন, সেটা আমাদের দেখার বিষয় নয়। প্রধানমন্ত্রী একজন সাংসদকে বকতেই পারেন। আমরা দল করি। স্থানীয়ভাবে দলের ভাবমূর্তি রক্ষা করা আমাদের দায়িত্ব।’পটুয়াখালী জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক কাশী নাথ দত্ত প্রথম আলোকে বলেন, এর আগেও সাংসদ রনী দলের জ্যেষ্ঠ নেতা ও প্রধানমন্ত্রী সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছেন। এলাকাবাসীর দাবি, সাংসদ গোলাম মাওলাকে দল থেকে বহিষ্কার করা হোক।’