যুদ্ধাপরাধের বিচারে ষড়যন্ত্রকারীদের বিষ দাঁত ভাঙতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের বিচার কার্যক্রমে ব্যাঘাত সৃষ্টিকারী ষড়যন্ত্রকারীদের বিষ দাঁত ভেঙে দিতে হবে। তিনি এ বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে এবং দেশ থেকে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, চাঁদাবাজি ও টেন্ডারবাজি চিরতরে নির্মূল করতে সবার সহযোগিতা চান।আজ রোববার চাঁদপুরে নবনির্মিত জেলা কারাগারের উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। সাহারা খাতুন বলেন, যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়া শুরু হওয়ার পর আদালতের প্রধান কৌঁসুলি ও প্রধান বিচারপতিকে হুমকি দেওয়া হয়। এ জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ মোতাবেক তারা এ ব্যাপারে সতর্ক অবস্থানে রয়েছে। তবে যুদ্ধাপরাধীদের বিচারের ব্যাপারে জনগণ পাশে থাকলে কোনো ষড়যন্ত্রই কিছু করতে পারবে না বলে তিনি মন্তব্য করেন। কারাগারের উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের সব কারাগারে ধারণক্ষমতার তিন গুণ বেশি বন্দী রয়েছে। এ ছাড়া কারাগারে আবাসন, জনবলসহ নানা সমস্যা রয়েছে। কারাগারের কর্মকর্তা-কর্মচারীদের জন্য ইতিমধ্যে একশ ভাগ রেশন নিশ্চিত করা হয়েছে। তাদের ঝুঁকি ভাতা প্রদানেরও ব্যবস্থা নেওয়া হয়েছে। সরকার পর্যায়ক্রমে সব সমস্যা সমাধানে কাজ করে যাচ্ছে।