যুদ্ধাপরাধের বিচারে স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি: ইয়ান মার্টিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরের মানবতাবিরোধী অপরাধ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় হলেও বিচার-প্রক্রিয়ায় আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করা উচিত। এ ব্যাপারে বিশ্বের অন্যান্য দেশের অভিজ্ঞতাও বাংলাদেশ অনুসরণ করতে পারে।গতকাল রোববার প্রথম আলোর কার্যালয়ে পত্রিকার জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এ মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিবের সাবেক বিশেষ দূত ও মানবাধিকারকর্মী ইয়ান মার্টিন। কলাম লেখক সৈয়দ আবুল মকসুদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক আসিফ নজরুল আলোচনায় অংশ নেন।লন্ডনভিত্তিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সাবেক এই মহাসচিব মুক্তিযুদ্ধের শুরুর দিনগুলো এবং স্বাধীনতার পরপর বাংলাদেশে তাঁর অবস্থানের স্মৃতিচারণা করেন। পাশাপাশি একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচার এবং নেপাল, পূর্ব তিমুর ও রুয়ান্ডায় কাজের অভিজ্ঞতা নিয়ে কথা বলেন তিনি।একাত্তরে ঢাকায় ফোর্ড ফাউন্ডেশনের হয়ে কর্মরত ছিলেন ইয়ান মার্টিন। ২৫ মার্চের কালরাতে পাকিস্তানি বাহিনীর নৃশংসতা তিনি সহকর্মীদের সঙ্গে প্রত্যক্ষ করেন তাঁদের গুলশানের অফিসের ছাদ থেকে। পরে কারফিউ প্রত্যাহারের হলে তিনি ঢাকার বিভিন্ন স্থান ঘুরে ধ্বংসযজ্ঞ দেখেন।ফোর্ড ফাউন্ডেশনে চাকরির চুক্তির মেয়াদ শেষে জেনেভাভিত্তিক ইন্টারন্যাশনাল কমিশন অব জুরিস্টে (আইসিজে) যোগ দেন মার্টিন। মুক্তিযুদ্ধ চলাকালে গণহত্যার তদন্তে ফের পূর্ব পাকিস্তানে (আজকের বাংলাদেশ) আসতে চাইলে অনুমতি দেয়নি পাকিস্তান কর্তৃপক্ষ। বাংলাদেশের স্বাধীনতার পরই বাহাত্তরের জানুয়ারিতে আবার এ দেশে আসেন তিনি।এ দেশের সঙ্গে তাঁর সম্পর্কের যোগসূত্র উল্লেখ করতে গিয়ে ইয়ান মার্টিন বলেন, ‘বাংলাদেশের কারণেই আজ আমি মানবাধিকারকর্মীতে পরিণত হয়েছি। অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জন শেষে উন্নয়ন অর্থনীতিতে কাজ করব, এমন ভাবনাই ছিল। কিন্তু শিক্ষাজীবন শেষে ফোর্ড ফাউন্ডেশনে যোগ দেওয়ার পর পাল্টে গেল জীবনের গতিপথ।’১৯৭০-এর ভয়াল ঘূর্ণিঝড় এবং সে বছরই অনুষ্ঠিত নির্বাচনের সময়ও ইয়ান মার্টিন বাংলাদেশে আসেন। আর একাত্তরের ১২ থেকে ২৮ মার্চ কাটান ঢাকায়।বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে ওই সময় বিশ্বে ব্যাপক জনমত তৈরি হলেও সংঘটিত গণহত্যার বিচারের প্রসঙ্গটি আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ তেমন কাড়েনি বলে অভিমত মার্টিনের। তাঁর মতে, বাংলাদেশের ভূ-রাজনৈতিক অবস্থান এবং এ দেশের রাজনৈতিক বিভাজন এ ক্ষেত্রে মূল কারণ।মার্টিন বলেন, দীর্ঘ বিরতির পর বাংলাদেশে যুদ্ধাপরাধের বিচারের দাবিতে দেশে ব্যাপক মতৈক্য গড়ে ওঠায় তিনি কিছুটা বিস্মিত ও চমৎকৃত।বর্তমানে নিউইয়র্কে বসবাসরত এই ব্রিটিশ নাগরিক ১৯৮৬ থেকে ১৯৯২ পর্যন্ত লন্ডনভিত্তিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালে কাজ করেছেন। এ সময় তিনি একাধিকবার বাংলাদেশ সফর করেন। সর্বশেষ ঘুরে গেছেন ২০০৮ সালের নির্বাচনের সময়।ইয়ান মার্টিন বলেন, ‘এতটা সময় পেরিয়ে যাওয়ার পর গত নির্বাচনে যুদ্ধাপরাধের বিচার অন্যতম আলোচিত বিষয় হওয়ায় আমি সত্যি অবাক হয়েছি। বিশ্বের যেকোনো প্রেক্ষাপটেই এত দিন পর একটা বিষয় এভাবে প্রভাবক হয়ে যাওয়াটা খুব স্বাভাবিক কোনো ঘটনা নয়।’বিশিষ্ট এই মানবাধিকারকর্মী বলেন, যুদ্ধাপরাধের বিচারের প্রক্রিয়ায় বেশ কয়েকটি চ্যালেঞ্জ রয়েছে। প্রথমত, অপরাধ প্রমাণের জন্য অকাট্য প্রমাণ পাওয়াটা জরুরি। দ্বিতীয়ত, বিচার-প্রক্রিয়ায় স্বচ্ছতা অপরিহার্য, যদিও এখানকার বিচার-প্রক্রিয়া বছরের পর বছর রাজনৈতিকভাবে প্রভাবিত। আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩ দেশ-বিদেশে প্রশংসিত। কিন্তু বিচার-প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা একটি বড় উদ্বেগের বিষয়। কারণ, আইন সংশোধন করার পরও অভিযুক্ত ব্যক্তিদের মৌলিক মানবাধিকার রক্ষার ক্ষেত্রে কিছু দুর্বলতা রয়ে গেছে। এটি বিবেচনায় নেওয়া উচিত। তিনি বিচার-প্রক্রিয়া শুরুর পরপরই এর বস্তুনিষ্ঠতা নিয়ে অভিযুক্ত কারও কারও উদ্বেগ প্রকাশের কথাও তুলে ধরেন।ইয়ান মার্টিন মনে করেন, মানবতাবিরোধী অপরাধের বিচারের ক্ষেত্রে পূর্ব তিমুর বা আফ্রিকায় মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় গঠিত ট্রুথ কমিশনের কিছু বৈশিষ্ট্য বাংলাদেশের ক্ষেত্রে অনুসরণ করা যেতে পারে। এ ক্ষেত্রে বিচার-প্রক্রিয়ার পাশাপাশি অথবা বিচার শেষে কমিশন কাজ করতে পারে। পাকিস্তানি সেনা কর্মকর্তাদের বিচার করা সম্ভব না হলেও তাঁদের এ-দেশীয় সহযোগীদের মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তিদের বিচার করা গেলে অন্তত কিছু পরিমাণে ন্যায়বিচার প্রতিষ্ঠা হবে বলে মত দেন ইয়ান মার্টিন।মতবিনিময়ের শুরুতে স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান।