যুদ্ধাপরাধের মামলায় নিম্ন আদালত ফাঁসি দিলে উচ্চ আদালতে যাবে জামায়াত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম বলেছেন, যুদ্ধাপরাধের মামলায় নিম্ন আদালত জামায়াতের নেতাদের ফাঁসি দিলে তাঁরা হাইকোর্টে যাবেন। হাইকোর্ট ফাঁসি বহাল রাখলে তাঁরা সুপ্রিম কোর্টে যাবেন। এর আগে কেউ তাঁদের ফাঁসি দেওয়ার কথা বললে হবে না। দলের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ অবশ্য বলেছেন, যুদ্ধাপরাধের মামলায় জামায়াত নেতাদের ফাঁসাতে হলে সাজানো বাদী ও সাক্ষী জোগাড় করতে হবে। তিনি ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইনে যুদ্ধাপরাধীদের বিচারের বিরোধিতা করেন। জামায়াতের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় দেশের গণমাধ্যমের বিরুদ্ধে বিষোদগারও করেন তিনি।আজ বিকেলে পুরানাপল্টনে ঢাকা মহানগর জামায়াতের কার্যালয়ে দলের বিরুদ্ধে কথিত মিথ্যাচার, অত্যাচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে আয়োজিত এক আলোচনা সভায় জামায়াতের নেতারা এসব কথা বলেন।