যুদ্ধাভিযান দ্রুত হস্তান্তরে একমত
আফগানিস্তানে চলমান সন্ত্রাসবিরোধী যুদ্ধাভিযান মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সেনা থেকে দ্রুত আফগান সেনাদের কাছে হস্তান্তরে একমত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই। এর মধ্য দিয়ে দীর্ঘ দিনের এই অজনপ্রিয় যুদ্ধ থেকে ওবামা-প্রশাসনের বেরিয়ে আসা ও আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সম্ভাবনা জোরালো হলো। গতকাল শুক্রবার রয়টার্সের এক প্রতিবেদনে এ কথা জানানো হয়।গতকাল শুক্রবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই এক বৈঠকে মিলিত হন। এতে উভয় দেশের রাষ্ট্রপ্রধান আফগানিস্তানে শান্তিপ্রক্রিয়া ত্বরান্বিত করতে সে দেশ থেকে মার্কিন সেনা দ্রুত প্রত্যাহারের বিষয়ে একমত হন।বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনে ওবামা বলেন, ‘২০১৪ সালের শেষনাগাদ এ হস্তান্তর-প্রক্রিয়া পুরোপুরি শেষ হবে।’ আফগান সেনারা অভিযান পরিচালনায় দ্রুত সক্ষম হয়ে উঠছে—এমন মন্তব্য করে তিনি বলেন, ‘আগামী বসন্তের মধ্যে তাদের হাতে যুদ্ধাভিযানের দায়িত্ব হস্তান্তর করা হবে।’ তিনি বলেন, ‘এটি হবে আফগানদের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। এর মধ্য দিয়ে তারা পুরোপুরি সার্বভৌমত্ব অর্জনের লক্ষ্যে আরও একধাপ এগিয়ে যাবে।’আফগানিস্তানে বর্তমানে প্রায় ৬৬ হাজার মার্কিন সেনা সন্ত্রাসবিরোধী অভিযানে মোতায়েন রয়েছে। সেনা প্রত্যাহারের বিষয়ে একমত হলেও আফগানিস্তানের কেন্দ্রীয় সরকারের দুর্বল নিরাপত্তা-কাঠামোর কারণে সব সেনা একসঙ্গে প্রত্যাহার করবে না যুক্তরাষ্ট্র। ২০১৪ সালের পর আফগানিস্তানে তিন থেকে নয় হাজার মার্কিন সেনা রাখার সিদ্ধান্ত নিয়েছে ওবামা-প্রশাসন। এসব সেনা সন্ত্রাসবিরোধী লড়াইয়ে নেতৃত্ব দিতে আফগান সেনাদের প্রশিক্ষণ দেবে।