যুদ্ধাহত ৭৮৩৮ মুক্তিযোদ্ধা পরিবার রেশন পাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের সাত হাজার ৮৩৮টি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবারকে আগামী মার্চ থেকে রেশন-সুবিধা দেওয়া হবে। আগামী জুন মাস পর্যন্ত চলতি অর্থবছরের জন্য এ খাতে সরকারের ব্যয় হবে ১৩ কোটি ৪০ লাখ টাকা। গতকাল বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের এই প্রস্তাব অনুমোদন করেছেন। জানা যায়, দীর্ঘদিন মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে তাঁদের রেশন-সুবিধা দেওয়ার দাবি জানানো হচ্ছিল। কিন্তু বাস্তব উদ্যোগের অভাবে এ বিষয়ে এত দিন কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি বলে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে। জানতে চাইলে মন্ত্রণালয়ের সচিব উজ্জ্বল বিকাশ দত্ত প্রথম আলোকে বলেন, চার সদস্যবিশিষ্ট যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবারকে রেশন দেওয়া হবে মার্চ মাস থেকে। তিনি বলেন, প্রতিমন্ত্রী এ বি এম তাজুল ইসলামের ব্যক্তিগত উদ্যোগের ফলে এ সুযোগ পাওয়া গেছে। তিনি বলেন, এ ধারা অব্যাহত থাকবে। মন্ত্রণালয় সূত্র জানায়, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবার পুলিশের মতো রেশন-সুবিধা পাবে। প্রতি মাসের নির্ধারিত তারিখে পুলিশ লাইন থেকে রেশন নিতে হবে। প্রতিটি পরিবার মাসে ৩৫ কেজি চাল বা আটা, আট কেজি ভোজ্যতেল, সমপরিমাণ ডাল ও চিনি পাবে। রেশন-সুবিধায় মোট সুবিধাভোগীর সংখ্যা হবে ২৫ হাজার ৮১৬ জন।