যুদ্ধে আমরাই জয়ী হব: গাদ্দাফি
লিবিয়ার নেতা কর্নেল মুয়াম্মার গাদ্দাফি যুদ্ধ চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন। তিনি সমর্থকদের উদ্দেশে গতকাল মঙ্গলবার এক সংক্ষিপ্ত ভাষণে বলেন, ‘বিদ্রোহী ও বহুজাতিক বাহিনীর বিরুদ্ধে চলমান এ যুদ্ধে শেষ পর্যন্ত আমরাই জয়ী হব।’লিবিয়ায় বহুজাতিক বাহিনীর হামলার পর গাদ্দাফি প্রথমবারের মতো জনসম্মুখে এসে ভাষণ দিলেন। গাদ্দাফির তিন মিনিট স্থায়ী ওই ভাষণ দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন সরাসরি সম্প্রচার করে। ত্রিপোলিতে নিজের বাসভবন চত্বর বাব আল-আজিজিয়ায় সমর্থকদের সামনে উপস্থিত হয়ে গাদ্দাফি বলেন, ‘পশ্চিমা দেশগুলো ইসলামের বিরুদ্ধে নতুন করে ধর্মযুদ্ধ শুরু করেছে। তাই সব ইসলামি সেনাবাহিনী এ যুদ্ধে অংশ নেওয়া উচিত।’ বাব আল-আজিজিয়ায় গত রোববার জোট বাহিনী ক্ষেপণাস্ত্র্র হামলা চালিয়েছিল।কর্নেল গাদ্দাফি বলেন, ‘আমরা যুদ্ধে আত্মসমর্পণ করব না এবং আমরা শত্রুদের ভয় পাই না। তাদের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ক্ষণস্থায়ী, আমরা এগুলো নিয়ে শুধু ব্যঙ্গই করতে পারি।’ গাদ্দাফি আরও বলেন, ‘স্বল্পমেয়াদে আমরা তাদের পরাজিত করব এবং দীর্ঘমেয়াদেও তারা পরাজিত হবে। চূড়ান্তভাবে আমরাই জয়ী হব।’