যুদ্ধের ফলই সিরিয়ার ভাগ্য নির্ধারণ করবে : বাসার
দেশজুড়ে সরকারি বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষের ফলাফল নির্ধারণ করবে সিরীয় জাতির ভাগ্য। দেশটির সশস্ত্র বাহিনী দিবসে এক বিবৃতিতে এ কথা বলেন প্রেসিডেন্ট বাসার আল-আসাদ। গত দুই সপ্তাহ প্রকাশ্যে কিছু না বলার পর আজ বুধবার ওই বিবৃতি দেন আসাদ। তিনি বলেন, ‘আমাদের জনগণ ও জাতির অতীত, বর্তমান এবং ভবিষ্যত্ টিকে থাকা না-থাকা নির্ভর করবে চলমান যুদ্ধের ওপর।’ ‘সশস্ত্র সন্ত্রাসী চক্রের’ বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলায় সিরীয় সৈন্যদের ভূমিকাকে ‘বীরোচিত’ উল্লেখ করে আসাদ বলেন, তাঁরা ন্যায়ের পক্ষে যুদ্ধ করছে। দেশটির সরকারি বার্তা সংস্থা সানার এক খবরে বলা হয়, আসাদের ওই বিবৃতিটি প্রকাশ করে সেনাবাহিনীর সমর্থক একটি সাময়িকী।বিবিসির খবরে বলা হয়, দেশ নিয়ে আসাদের আশঙ্কার ঘটনার এ সময়ে সংঘাত চলছে সিরিয়ার বিভিন্ন অংশে। গত কয়েক সপ্তাহে বিদ্রোহীরা রাজধানী দামেস্কের রাস্তায় রাস্তায় বিক্ষোভ করে। তা ছাড়া সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোতেও একই রকমের প্রতিবাদ-বিক্ষোভ হয়েছে। সরকারবিরোধী লোকজনের দাবি, গত বছরের মার্চে শুরু হওয়া এ বিক্ষোভে ২০ হাজার লোক নিহত হয়।বিবিসিতে প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনগুলোতে বলা হয়, দামেস্কের প্রাচীন শহরে দুটি খ্রিষ্টান-অধ্যুষিত এলাকায় প্রথমবারের মতো সংঘর্ষ শুরু হয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোতে সরকারি বাহিনী বিদ্রোহীদের তাড়িয়ে দিয়েছে। জাতিসংঘ এক প্রতিবেদনে বলেছে, সংস্থাটির পর্যবেক্ষকেরা মঙ্গলবার আলেপ্পোতে সরকারি বাহিনীর জেট বিমান থেকে বিদ্রোহীদের ওপর হামলার দৃশ্য দেখেছে।