যুদ্ধের ময়দানে ভারতীয় জেনারেলরা !
২৯ ফেব্রুয়ারির ঘটনা। ভারতের প্রধান পরিদর্শন কর্মকর্তা (সিভিসি) প্রদীপ কুমার দিল্লির সাউথ ব্লকে ডেকে পাঠালেন প্রতিরক্ষাসচিব শশীকান্ত শর্মাকে। তাঁর হাতে ধরিয়ে দিলেন একটি সম্বোধনহীন চিঠি। চিঠি পেয়ে রীতিমতো হতভম্ব শশী। সেই চিঠিতে অভিযোগ করা হয়েছে, খোদ ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে! ভারতীয় সেনাবাহিনী নাকি সেনাপ্রধান ভি কে সিংয়ের পরামর্শক্রমে ভারতের প্রধান প্রধান আমলা ও নীতি-নির্ধারকদের টেলিফোনে আড়ি পেতে যাচ্ছে দেদার।দিল্লি থেকে প্রকাশিত ইন্ডিয়া টুডে সাময়িকীর সম্প্রতিক এক প্রতিবেদনে আরও বলা হয়েছে, শুধু তা-ই নয়, সেনা গোয়েন্দা সংস্থার (এমআই) তহবিল দিয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিরুদ্ধে প্রচার-প্রোপাগান্ডা চালানোর গুরুতর অভিযোগও ছিল সেই সম্বোধনহীন চিঠিতে। চিঠিতে কোনো সই ছিল না। কিন্তু বিভিন্ন সূত্রের উল্লেখ করে তাতে যেসব গুরুতর অভিযোগ করা হয়, তা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের রাতের ঘুম হারাম করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। সেই চিঠিতে প্রধান পরিদর্শন কর্মকর্তা ব্যক্তিগতভাবে প্রতিরক্ষা মন্ত্রণালয়কে উল্লেখিত ব্যাপারগুলোতে তদন্ত চালানোরও নির্দেশ দিয়েছেন। পুরো ব্যাপারটিতেই সামনে চলে এসেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর সম্পর্কের অসুস্থ টানাপোড়েন। ভারতের ৬৫ বছরের ইতিহাসে যা এক নজিরবিহীন ঘটনা বলে পত্রিকাটি মনে করে।গত ২ মার্চ প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা করেছে, ভারতের পরবর্তী সেনাবাহিনী প্রধানের নাম। লেফটেন্যান্ট জেনারেল বিক্রম সিং আগামী ৩১ মে নিয়মতান্ত্রিকভাবে বর্তমান সেনাপ্রধান জেনারেল ভি কে সিং অবসরে গেলে তাঁর স্থলাভিষিক্ত হবেন। এটাও এক নজিরবিহীন ঘটনা। সাধারণত সেনাপ্রধান অবসরে যাওয়ার দুই মাস আগে তাঁর উত্তরসূরির নাম ঘোষণা করা হয়। এ ক্ষেত্রে সিদ্ধান্ত এবং ঘোষণাটা হয়ে গেল ৯০ দিন আগেই।ইন্ডিয়া টুডের ওই প্রতিবেদনে লেখা হয়েছে, ব্যাপারটি নাকি ইচ্ছা করেই করা হয়েছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় সেনাপ্রধান ভি কে সিংয়ের ওপর ভীষণ বিরক্ত। ৯০ দিন আগে নতুন সেনাপ্রধানের নাম ঘোষণা করার অর্থ হলো, বর্তমান সেনাপ্রধানকে তাঁর মেয়াদের শেষদিকের অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে, তাঁর উত্তরসূরিকে জানিয়ে। তাঁকে এড়িয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া বর্তমান সেনাপ্রধানের পক্ষে সম্ভব হবে না। এটা একটা কৌশলগত সিদ্ধান্ত। সম্প্রতি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ কর্তা-ব্যক্তির ফোনে আড়ি পেতে সেনাপ্রধান অভিযুক্ত হওয়ায় তাঁর পূর্বাবস্থান তিনি হারিয়েছেন।সম্প্রতি ভারতীয় সেনাবাহিনী প্রধান এক বিবৃতিতে এই আড়িপাতার বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছেন। তিনি বলেছেন, ‘আড়িপাতার বিষয়টি রূপকথার গল্প হতে পারে, এতে সত্যের লেশমাত্র নেই।’ ভারতীয় সেনা দপ্তর থেকে এ ব্যাপারে দোষ চাপানো হয়েছে ২০১০ সালে অবসরে যাওয়া লেফটেন্যান্ট জেনারেল তাজিন্দর সিংয়ের ওপর। সদর দপ্তরের মতে, এই তাজিন্দর সিংই সেনা গোয়েন্দা সংস্থার প্রধান থাকাকালীন কোনো টেকনিক্যাল কমিটির সুপারিশ ছাড়াই ইউক্রেনে তৈরি আড়িপাতার যন্ত্রগুলো তাঁর সংস্থায় সংযুক্ত করেছিলেন। সেখানে দুর্নীতির গন্ধও নাকি বেশ জোরালো। একই সঙ্গে এই তাজিন্দর সিংয়ের বিরুদ্ধে সেনাপ্রধান ভি কে সিং ঘুষ দিতে চাওয়ার অভিযোগ তুলেছেন। ভি কে সিং নাকি ২০১১ সালে এ কথা প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টনিকে জানিয়েছিলেন। তবে বিষয়টির কোনো সুরাহা নাকি সেনাপ্রধানই আর করেননি। তবে সেই তাজিন্দর সিং পুরো বিষয়টি উড়িয়ে দিয়ে বলেছেন, ‘এর চেয়ে হাস্যকর বিষয় নাকি আর হয় না।’ তিনি সেনাপ্রধান ভি কে সিংয়ের বিরুদ্ধে একটি মানহানির মামলাও ঠুকে দিয়েছেন আদালতে।গত ১৬ ফেব্রুয়ারি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ঘটেছে এক মজার কাণ্ড। প্রতিরক্ষামন্ত্রীর দপ্তরের বেশ কয়েকটি যোগাযোগ উপকরণে তৃতীয় কোনো কিছুর উপস্থিতি টের পাওয়া যায়। বিভিন্ন সফটওয়্যারও আক্রান্ত হয় সেদিন। ধারণা করা হচ্ছে, সেদিন কোনো বিশেষ মহল থেকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ কর্তা-ব্যক্তিদের যোগাযোগ ব্যবস্থায় আড়িপাতা হচ্ছিল।ভারতের সেনা সদর ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মধ্যে এই টানাপোড়েন পরিস্থিতিকে ভীষণ নাজুক করে দিয়েছে। ব্যাপারটি অনেকটা বহিঃশত্রুর হাত থেকে নিজেদের রক্ষা করার ব্রত যাদের, তাদের নিজেদেরই কোন্দল ও যুদ্ধে জড়িয়ে পড়ার মতো। এই টানাপোড়েনের কারণে চলতি অর্থবছরে ভারতীয় সেনাবাহিনী পর্যাপ্ত নতুন অস্ত্র-শস্ত্র কিনতে পারেনি। প্রায় তিন হাজার কোটি রুপির তহবিল কেন্দ্রকে ফেরত দিতে হয়েছে। ভারতীয় সেনাবাহিনীর ইতিহাসে এও এক নজিরবিহীন ঘটনা। প্রায় ৪০ জনের মতো ব্রিগেডিয়ার জেনারেল ও মেজর জেনারেলের পদোন্নতি আটকে আছে বিভিন্ন আমলাতান্ত্রিক জটিলতায়। সাতজন ঊর্ধ্বতন সেনা কর্মকর্তার জেনারেল হিসেবে পদোন্নতি পাওয়ার কথা থাকলেও তা হয়নি। এসবই অস্থির করে তুলেছে ভারতীয় সেনাবাহিনীকে।নিন্দুকেরা এই পরিস্থিতিতে জেনারেলদের নিজেদের মধ্যেই যুদ্ধে নেমে যাওয়ার আশঙ্কা প্রকাশ করছেন।