যুবক ও গৃহবধূর লাশ উদ্ধার
রাজধানীর এফডিসি রেলক্রসিংয়ের পাশে হাতিরঝিল প্রকল্প এলাকায় আজ শুক্রবার মাটি খুঁড়ে অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মোহাম্মদপুর থেকে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। নয়াপল্টনে সন্ত্রাসীদের গুলিতে এক ব্যবসায়ী আহত হয়েছেন।রমনা থানার পুলিশ জানায়, রেলক্রসিং থেকে কিছু দূরে হাতিরঝিল প্রকল্প এলাকায় একটি অংশ থেকে গন্ধ বের হচ্ছিল। সেখানে মাটির নিচ থেকে কাপড়ের একটি অংশ বাইরে বেরিয়ে ছিল। স্থানীয় লোকজন বিষয়টি থানায় জানায়। দুপুরে পুলিশ সেখানে গিয়ে মাটি খুঁড়ে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করে। তাঁর মাথা সোয়েটার দিয়ে ঢাকা ছিল। পরনে ছিল জিনসের প্যান্ট। গলায় জুতার ফিতার মতো শক্ত ফিতা পেঁচানো ছিল। বয়স আনুমানিক ২০-২২ বছর।রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে ওই ফিতা দিয়ে শ্বাসরোধ করে যুবকটিকে হত্যার পর তাঁর লাশ পুঁতে রাখা হয়। লাশের অবস্থা দেখে মনে হচ্ছে, অন্তত পাঁচ দিন আগে ঘটনাটি ঘটানো হয়েছে। নিহতের শরীর ফুলে গেছে, চেহারাও বিকৃত হয়ে গেছে। সন্ধ্যা পর্যন্ত তাঁর পরিচয় পাওয়া যায়নি।গৃহবধূর লাশ উদ্ধার: মোহাম্মদপুরের নূরজাহান রোডের একটি বাড়ির ছয়তলার বাসা থেকে বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে নিশি (২৬) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) শিহাবুদ্দিন জানান, নিশিকে ছয়তলার সিঁড়ির পাশের একটি কক্ষে শাড়ি দিয়ে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। গতকাল সকালে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির তত্ত্বাবধায়ক খলিলকে আটক করা হয়েছে।পুলিশ জানায়, খলিল জানিয়েছেন, এক মাস আগে স্বামী-স্ত্রী পরিচয়ে নিশি ও রাজু নামের এক যুবক ওই বাসা ভাড়া নেন। রাজু পলাতক।পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে ওই বাসার দরজা খোলা ছিল। প্রতিবেশীরা ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেয়। নিশি বা রাজুর কোনো স্বজন না আসায় তাঁদের পুরো পরিচয় পাওয়া যায়নি।ব্যবসায়ী গুলিবিদ্ধ: পল্টন থানার পুলিশ জানায়, বেলা ১১টার দিকে নয়াপল্টনে জোনাকী প্রেক্ষাগৃহের সামনে মো. মুজাহিদ (৩৫) নামের এক জমি ব্যবসায়ীকে সন্ত্রাসীরা গুলি করে। তাঁর ডান হাত ও পেটে একটি করে গুলি বিদ্ধ হয়। ওই অবস্থায় তিনি দৌড়ে প্রেক্ষাগৃহে ঢুকে পড়েন। আশপাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। মুজাহিদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে।