যুবককে হত্যা করে লাশ নদীতে
দিনাজপুর সদর উপজেলায় মসজিদের নামে ওয়াক্ফ করা জমি নিয়ে বিরোধের জের ধরে সন্ত্রাসীরা রবিউল (২৩) নামের এক যুবককে হত্যা করে লাশ নদীতে ফেলে দিয়েছে। গতকাল শুক্রবার পুনর্ভবা নদী থেকে গ্রামবাসী তাঁর লাশ উদ্ধার করে।এদিকে সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হয়ে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সা নিচ্ছেন নিহত রবিউলের বোন ইছমত আরা ও তাঁর স্বামী মিজানুর রহমান।নিহত রবিউল সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের উলিপুর গ্রামের বাসিন্দা। হতাহতের ঘটনায় রবিউলের বড় ভাই আবদুর রশিদ ২৫ জনের নাম উল্লেখ করে কোতোয়ালি থানায় হত্যা মামলা করেছেন। পুলিশ মামলার সাত আসামিকে গ্রেপ্তার করেছে। তাঁদের মধ্যে রয়েছেন উলিপুর গ্রামের আনোয়ার আলী ও তাঁর বড় ভাই আজাহার আলী।মামলার এজাহারে জানা গেছে, আহত মিজানুরের পূর্বপুরুষেরা উলিপুর গ্রামের একটি মসজিদের নামে ১২ একর জমি ওয়াক্ফ করে যান। এর জন্য চারজন মোতোয়ালি ঠিক করা হয়। কিন্তু আনোয়ার আলী নামের এক মোতোয়ালি ভাড়াটে মাস্তান দিয়ে ১৫ বছর ধরে মসজিদের জমির পুরো ফসল আত্মসাৎ করছেন। এ ব্যাপারে কোতোয়ালি থানার পুলিশ একাধিকবার বিচার-সালিস করলেও আনোয়ার তা মানেননি।২৫ আগস্ট সকালে আনোয়ার ও তাঁর ভাই আনিছুর সন্ত্রাসীদের নিয়ে জোর করে মসজিদের পুকুরে মাছ ধরতে যান। এতে অন্য ওয়ারিশরা বাধা দিলে আনোয়ার ও আনিছুর সন্ত্রাসীদের নিয়ে ওয়ারিশ মিজানুরের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেন। তাঁরা প্রচণ্ড মারধর করেন মিজানুর ও তাঁর স্ত্রী ইছমতকে। আহত অবস্থায় ইছমতকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।ওই দিন সন্ধ্যায় হাসপাতালের সামনে মিজানুর ও তাঁর শ্যালক রবিউল ইফতার কিনতে গেলে সেখানে অপেক্ষমাণ মোতোয়ালি আনোয়ার, তাঁর শ্যালক আকবর, আবদুল্লাহ, কালাম, ভগ্নিপতি ফারুক, তাঁর ছেলে মুন্নাসহ প্রায় ১৫ জন সন্ত্রাসী মিজানুর ও রবিউলকে এলোপাতাড়ি মারধরের পর একটি অটোরিকশায় করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। গভীর রাতে পার্শ্ববর্তী বিরল থানার টহল পুলিশ মিজানুরকে কড়াই বিলের পাশ থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। খবর পেয়ে সন্ত্রাসীরা হাসপাতালে এসে আবার মিজানুরকে আক্রমণ করতে গেলে পুলিশ নয়জনকে আটক করে। এ ব্যাপারে পুলিশ তাদের বিরুদ্ধে মামলা করে বৃহস্পতিবার আদালতে পাঠায়। আদালত চারজনকে জামিন দিয়ে অপর পাঁচজনকে জেলহাজতে পাঠান। গুরুতর আহত অবস্থায় মিজানুরকে পরে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এদিকে অপহরণের দুই দিন পর গতকাল সকাল সাতটার দিকে আউলিয়াপুর ইউনিয়নের ঘুঘুডাঙ্গা গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া পুনর্ভবা নদী থেকে গ্রামবাসী রবিউলের লাশ উদ্ধার করে। ওই সময় রবিউলের মাথার পেছন দিকে বড় ধরনের ক্ষত দিয়ে রক্ত ঝরছিল। তাঁর মুখে কোনো দাঁত ছিল না। পুরো শরীরে ছিল আঘাতের চিহ্ন।আহত মিজানুর প্রথম আলোকে জানান, তাঁদের দুজনকে অপহরণ করে অজ্ঞাত একটি স্থানে নিয়ে সন্ত্রাসীরা তাঁকে ব্যাপক মারধর করে। এতে তিনি অচেতন হয়ে পড়েন। পরে বিরল থানার টহল পুলিশ তাঁকে উদ্ধার করে।গ্রেপ্তার হওয়া আনোয়ার গতকাল কোতোয়ালি থানার হাজতে প্রথম আলোকে বলেন, রবিউলকে কারা মেরেছে তিনি জানেন না। তিনি স্বীকার করেন, বুধবার সন্ধ্যায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ইফতারি কেনার সময় রবিউল ও মিজানুরের সঙ্গে তিনিও ছিলেন। এরপর কী হয়েছে তিনি জানেন না।কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হাসান শামীম প্রথম আলোকে বলেন, ধারণা করা হচ্ছে, সন্ত্রাসীরা রবিউলকে পিটিয়ে হত্যা করে লাশ নদীতে ফেলে দেয়। ময়নাতদন্তের জন্য লাশ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।ওসি জানান, মামলার ২৫ আসামির মধ্যে পাঁচজনকে বৃহস্পতিবার জেলহাজতে পাঠিয়েছেন আদালত। অন্য দুই আসামি মোতোয়ালি আনোয়ার ও তাঁর বড় ভাই আজাহার আলীকে গতকাল গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।দিনাজপুর সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় ঘটনাকে মর্মান্তিক উল্লেখ করে বলেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তারের জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন বলে তিনি জানান।