যুবকদের ধরে ধরে মারছে সেনারা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাইজেরিয়ার সেনাবাহিনী জঙ্গিবাদ নিধনের নাম করে ধরে ধরে যুবকদের হত্যা করছে বলে অভিযোগ উঠেছে। দেশটির উত্তর-পূর্বাঞ্চলের শহর মাইদুগুরির বাসিন্দাদের বরাত দিয়ে আজ শনিবার বিবিসি অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এ খবর জানানো হয়। মাইদুগুরির ইমাম মালাম আজি মুস্তাফা বিবিসিকে জানান, গত বৃহস্পতিবার ভোরে ফজরের নামাজ আদায়ের পর তাঁকে ও তাঁর ছেলেদের সেনারা একটি খোলা মাঠে নিয়ে যায়। সেখানে তাঁদের মতো আরও অনেকেই ছিল। এরপর সেনারা কম্পিউটারের তথ্যভান্ডারে রাখা ছবি দেখে দেখে সবাইকে যাচাইবাছাই করে। সেনারা তখন অনেক যুবককে সেখান থেকে আলাদা করে। তাঁদের অন্যত্র নিয়ে যাওয়া হয় এবং এরপর গুলির শব্দ পাওয়া যায়।ওই ইমাম বলেন, ‘আমার চার ছেলেকে আমার সামনে গুলি করে হত্যা করেছে সেনারা। এরপর লাশগুলো হাসপাতালের মর্গে নিয়ে গেছে।’ হাসপাতালের মর্গ থেকে ছেলেদের লাশ নিয়ে আসার সময় তিনি সেখানে আরও ৪৮ জন যুবকের লাশ পড়ে থাকতে দেখেন। তাঁর এলাকায় ১১ জন যুবককে এভাবে হত্যা করা হয়েছে। তবে কেন তাঁদের হত্যা করা হলো, এ ব্যাপারে কেউ তাদের কিছু জানায়নি। সেনা কর্তৃক যুবকদের হত্যার অভিযোগটি এমন সময়ে এল, যখন মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইসলামি জঙ্গি নিধনের নামে নাইজেরিয়ার সেনাবাহিনী বিচারবহির্ভূতভাবে মানুষ হত্যা করছে বলে অভিযোগ তুলেছে। মাইদুগুরিতে একজন সামরিক মুখপাত্র এমন হত্যাকাণ্ড সম্পর্কে বলেন, তিনি এ বিষয়ে কিছু জানেন না। তবে লে. কর্নেল সাগির মুসা জানিয়েছেন, এ ঘটনার ব্যাপারে তদন্ত হবে। নাইজেরিয়ার মাইদুগুরিতে ইসলামি জঙ্গি সংগঠন বোকো হারাম বেশ শক্তিশালী। সংগঠনটি দেশটিতে ইসলামি শাসন কায়েমে যুদ্ধ করে যাচ্ছে। গত দুই বছরে এই সংগঠনের সঙ্গে জড়িত অভিযোগে শত শত মানুষকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ আছে। গত শতকের ষাটের দশকে তিন বছরের গৃহযুদ্ধে নেতৃত্ব দানকারী অন্যতম শীর্ষ সেনা কর্মকর্তা জেনারেল (অব.) মোহাম্মদ শুয়াকে গতকাল শুক্রবার মাইদুগুরির নিজ বাসভবনে গুলি করে হত্যা করা হয়। কেউ এ হত্যার দায় স্বীকার করেনি। তবে যারা বোকো হারামের মতাদর্শের সঙ্গে ভিন্নমত পোষণ করে এবং সরকারের সঙ্গে কাজ করে—এমন ব্যক্তিদের হত্যার জন্য সংগঠনটি পরিচিত। তাই ধরেই নেওয়া হয়েছে, বোকো হারামের সদস্যরা তাঁকে হত্যা করেছে।অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল গত বৃহস্পতিবার এক প্রতিবেদনে বলেছে, জঙ্গিবিরোধী প্রচারণার নাম করে সামরিক বাহিনী নিরপরাধ অনেক ব্যক্তিকে হত্যা ও নির্যাতন করছে। অনেকের বাড়িঘর পুড়িয়ে দিচ্ছে। তবে সামরিক বাহিনী বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছে।অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের অভিযোগের ব্যাপারে নাইজেরিয়ার অর্থমন্ত্রী নজি ওকাঞ্জো-আইওয়েলা বিবিসির ফোকাস অন আফ্রিকা অনুষ্ঠানে বলেন, সরকার কখনো মানবাধিকার লঙ্ঘন করেনি। তবে এটা মনে রাখতে হবে, সামরিক বাহিনী সন্ত্রাসী কর্মকাণ্ড নির্মূলের চেষ্টা করছে।