যুবদল কর্মী হত্যায় ছাত্রদলের নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈশ্বরদী পুলিশ আজ সোমবার দুপুরে যুবদলের কর্মী আজম হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগে উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তফা নূরে আলম ওরফে শ্যামলকে গ্রেপ্তার করেছে।ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলায়েত হোসেন জানান, শ্যামল থানার তালিকাভুক্ত সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে হত্যাসহ ছয়টি মামলা রয়েছে। ১৯৯৪ সালে তত্কালীন বিরোধীদলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ট্রেন সফরকালে ঈশ্বরদী স্টেশনে ট্রেনে হামলা চালানো হয়। শ্যামল সেই মামলারও আসামি। সেনাবাহিনীর ক্লিনহার্ট অপারেশনের সময় শ্যামলকে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করেছিল।পুলিশ আরও জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী উপপরিদর্শক (এএসআই) মাসুদ পারভেজ পাকশী ইউনিয়নের রুপপুর তিন বটতলার মোড়ে একটি চায়ের দোকানে সাঙ্গপাঙ্গ নিয়ে আড্ডা দেওয়ার সময় শ্যামলকে গ্রেপ্তার করে।উল্লেখ্য, বিএনপির দ্বন্দ্বের জেরে গত বছরের ২৬ নভেম্বর রাতে যুবদলের কর্মী আজম খুন হন। এ সময় তাঁর বন্ধু এবং পৌর মেয়র মকলেছুর রহমানের ছেলে সজলও গুরুতর আহত হন। এ ঘটনায় পৌর বিএনপির একাংশের নেতা মকলেছুর রহমান বাদী হয়ে বিএনপির অন্য অংশের নেতা জাকারিয়া পিন্টুসহ ২১ জনের বিরুদ্ধে ঈশ্বরদী থানায় একটি হত্যা মামলা করেন।