যুবদল নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা
ফেনীর সোনাগাজীতে আবদুর রহমান ওরফে সন্ধিপী মানিক (৪৫) নামের এক ব্যক্তিকে গতকাল বৃহস্পতিবার রাতে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়েছে। তিনি উপজেলার চর দরবেশ ইউনিয়ন যুবদলের সভাপতি ছিলেন। পুলিশের দাবি, আবদুর রহমান একজন সন্ত্রাসী ছিলেন। পুলিশ ও এলাকাবাসী জানায়, গতকাল রাত সাড়ে নয়টার দিকে একদল মুখোশধারী সন্ত্রাসী অস্ত্রের মুখে আবদুর রহমানকে পশ্চিম দক্ষিণ চরদরবেশ এলাকা থেকে ধরে নিয়ে যায়। পরে পাশের নামারচর এলাকায় ফকির ব্যাপারী বাড়ির সামনে তাঁর লাশ পাওয়া যায়। তাঁর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আট-১০টি গুলির চিহ্ন রয়েছে। এ ছাড়া তাঁকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপানো হয়। খবর পেয়ে সোনাগাজী থানার পুলিশ রাতেই লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠায়। নাম প্রকাশ না করে গ্রামের কয়েকজন বাসিন্দা জানান, আধিপত্য নিয়ে স্থানীয় যুবলীগ ক্যাডার মিন্টু বাহিনীর সঙ্গে অনেক দিন ধরে আবদুর রহমানের বিরোধ চলছিল। সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেনের ভাষ্য অনুযায়ী, আবদুর রহমান একজন দুর্ধর্ষ সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধ হত্যা, ডাকাতি, সন্ত্রাসী ও চাঁদাবাজিসহ সাতটি মামলা রয়েছে।