যুবদলের কমিটি সমস্যা বিভক্তি বিএনপিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম মহানগর যুবদলের কমিটি গঠনকে কেন্দ্র করে মহানগর বিএনপির রাজনীতি তিন ভাগে বিভক্ত হয়ে পড়েছে।দলীয় একাধিক সূত্র জানায়, যুবদলের বিবদমান তিনটি পক্ষকে চট্টগ্রাম বিএনপির প্রভাবশালী তিন নেতা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সমর্থন দিচ্ছেন। এই অন্তঃকোন্দল জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে চট্টগ্রাম অভিমুখে চার দলের রোডমার্চের প্রস্তুতিতেও প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।যুবদলের কমিটি গঠন নিয়ে বিভক্ত চট্টগ্রাম বিএনপির তিনটি পক্ষের নেতৃত্বে আছেন যথাক্রমে নগর বিএনপির সভাপতি ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী, কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান এবং নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন।সূত্রগুলো জানায়, গত ১৯ নভেম্বর বিকেলে চট্টগ্রাম মহানগর যুবদলের ১১ সদস্যের একটি কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় যুবদল। এ নিয়েই মূলত স্থানীয় বিএনপির নেতাদের মধ্যে বিভক্তির শুরু।আমীর খসরু ও আবদুল্লাহ আল নোমানের দাবি, ওই দিন রাতে সেই কমিটি স্থগিত করা হয়েছে। আর শাহাদাৎ হোসেনের দাবি, কমিটি স্থগিত করা হয়নি।চট্টগ্রাম বিএনপির কোন পক্ষের দাবি সঠিক, জানতে চাইলে যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাইফুল আলম প্রথম আলোকে বলেন, ‘কমিটি ঘোষণার প্রেস বিজ্ঞপ্তি আমরা পত্রিকায় পাঠিয়েছি। স্থগিতের কোনো প্রেস বিজ্ঞপ্তি কি আপনারা পেয়েছেন?’কেন্দ্র থেকে ঘোষিত চট্টগ্রাম মহানগর যুবদলের কমিটির সভাপতি করা হয় কাজী বেলালকে। আর সাধারণ সম্পাদক করা হয় মোশাররফ হোসেনকে। কাজী বেলাল হলেন আমীর খসরুর এবং মোশাররফ হোসেন হলেন শাহাদাৎ হোসেনের অনুসারী।আর যুবদলের আগের কমিটির সভাপতি আবুল হাশেম হলেন নোমানের অনুসারী। এই পক্ষ থেকে কেউ নতুন কমিটিতে গুরুত্বপূর্ণ পদ না পাওয়ায় এরাও বর্তমান কমিটির বিপক্ষে অবস্থান নিয়েছে।নগর যুবদলের বিবদমান তিনটি পক্ষ গত সপ্তাহে পরপর দুই দিন চট্টগ্রামে পাল্টাপাল্টি সমাবেশ করেছে।যুবদলের কমিটি কার্যকর দেখাতে মোশাররফ হোসেন গত ২৭ নভেম্বর বিকেলে নগরে আকস্মিকভাবে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন। এতে অংশ নেন নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন।মোশাররফ প্রথম আলোকে বলেন, ‘দলের ভেতরে বিরোধ সৃষ্টির উদ্দেশ্যে একটি মহল যুবদলের কমিটি স্থগিত হয়েছে বলে অপপ্রচার চালাচ্ছে।’মোশাররফের নেতৃত্বে শোভাযাত্রা বের করার খবর জানার পরপর ওই দিন সন্ধ্যায় কাজী বেলাল পাল্টা কর্মসূচি হিসেবে সমাবেশ করেন।বেলাল ও মোশাররফের নেতৃত্বে পাল্টাপাল্টি কর্মসূচির পরদিন ২৮ নভেম্বর আবুল হাশেমের নেতৃত্বে মাঠে নামেন নোমানের অনুসারীরাও। তাঁরা দলীয় কার্যালয় নাসিমন ভবনের সামনে আরেকটি সমাবেশ করেন।আবুল হাশেমকে সমর্থন দেওয়ার ব্যাপারে জানতে চাইলে নোমান বলেন, ‘হাশেম পরীক্ষিত নেতা বলে তাঁর সঙ্গে আমার সুসম্পর্ক আছে।’যুবদলের কমিটিকে কেন্দ্র করে চট্টগ্রাম বিএনপির ত্রিমুখী দ্বন্দ্ব আবার চাঙা হওয়ায় খালেদা জিয়ার চট্টগ্রাম অভিমুখে আসন্ন রোডমার্চ কর্মসূচির প্রস্তুতিতে এর প্রভাব পড়ছে বলে জানিয়েছেন স্থানীয় বিএনপির একাধিক নেতা।নগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এম এ সবুর বলেন, ‘খসরু ও শাহাদাতের মধ্যে ঠান্ডা লড়াই চলছে। তাঁরা এখন দুই ভাগ। কেন্দ্রঘোষিত কোনো কর্মসূচি কীভাবে তাঁরা সফল করবেন, তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে কর্মীদের মধ্যে।’অবশ্য আমীর খসরু দাবি করেন, দলের নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ। সবাইকে নিয়ে রোডমার্চ সফল করা ছাড়া আর কিছু তিনি এই মুহূর্তে চিন্তা করছেন না। তিনি বলেন, রোডমার্চের প্রস্তুতি বাধা হতে পারে এমনটা ভেবেই যুবদলের কমিটি স্থগিত করা হয়েছে। রোডমার্চ শেষ হওয়ার পর যুবদলের কমিটি নিয়ে ভাবা হবে।নগরে যুবদলের পাল্টাপাল্টি সমাবেশে বিএনপির নেতাদের প্রকাশ্য উপস্থিতি ও সমর্থন দেওয়ার বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন আবদুল্লাহ আল নোমান। তিনি আমীর খসরু ও শাহাদাৎ হোসেনের প্রতি ইঙ্গিত করে অভিযোগ করেন, পরীক্ষিত নেতা-কর্মীদের মূল্যায়ন না করে অরাজনৈতিক কর্মকাণ্ড চালানো হচ্ছে। তাঁর মতে, ‘ব্যক্তির নেতৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা হলে, আর তাতে কোনো আদর্শ না থাকলে দ্বন্দ্ব-সংঘাত হবেই।’