বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর প্যারোলে মুক্তির (সাময়িক মুক্তি) অনুমতি বাতিলের প্রতিবাদে আজ রোববার যুবদল বিক্ষোভ করেছে। রাজধানীর নয়াপল্টনে যুবদল খণ্ড খণ্ড বিক্ষোভ মিছিল বের করলে পুলিশের বাধার মুখে তা ছত্রভঙ্গ হয়ে যায়। মিছিল থেকে সাত-আটজনকে আটক করা হয়েছে বলে সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়।এদিকে কোকোর প্যারোল বাতিলের প্রতিবাদে ছাত্রদল আজ বিকেলে সারা দেশে বিক্ষোভ সমাবেশ করবে।যুবদলের দপ্তর সম্পাদকের দায়িত্বে নিয়োজিত কামরুজ্জামান দুলাল জানান, রাজধানীর নয়াপল্টন এলাকায় আজ দুুপুর সাড়ে ১২টার দিকে যুবদল খণ্ড খণ্ড বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ এসে তা ছত্রভঙ্গ করে দেয়। এ সময় পুলিশ ও যুবদল নেতা-কর্মীদের মধ্যে কয়েক দফা পাল্টাপাল্টি ধাওয়া হয়। এতে কয়েকজন আহত হয়।এদিকে কোকোর প্যারোলে মুক্তির (সাময়িক মুক্তি) অনুমতি বাতিল এবং সংগঠনের নেতা-কর্মীদের আটকের প্রতিবাদে নতুন কর্মসূচি ঘোষণা করেছে যুবদল। কর্মসূচির অংশ হিসেবে আগামী মঙ্গলবার উপজেলা ও জেলা এবং বুধবার বিভাগীয় পর্যায়ে বিক্ষোভ মিছিল করবে যুবদল। প্রসঙ্গত, ভুয়া চিকিত্সা সনদ ও শর্ত ভঙ্গের অভিযোগে গত ১৯ আগস্ট কোকোর সাময়িক মুক্তির অনুমতি বাতিল করে সরকার। তাঁকে ৩১ আগস্টের মধ্যে দেশে ফিরে এসে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে এই অনুমতির মেয়াদ বাড়ানোর জন্য গতকাল কোকোর পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবার আবেদন করা হয়েছে।