যুবদলের মিছিলে পুলিশের লাঠিপেটা, আরও কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর সাময়িক মুক্তি (প্যারোল) বাতিল ও বড় ছেলে তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে দুই দিনের বিক্ষোভ কর্মসূচি দিয়েছে বিএনপি।কর্মসূচির মধ্যে রয়েছে ২৪ আগস্ট দেশব্যাপী জেলা সদরে ও ২৬ আগস্ট সকালে ঢাকার মুক্তাঙ্গনে বিক্ষোভ সমাবেশ।এদিকে কোকোর প্যারোল বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে গতকাল রোববার যুবদলের বিক্ষোভ মিছিল কর্মসূচি পুলিশি বাধার কারণে ছত্রভঙ্গ হয়ে যায়। যুবদল একই দাবিতে আরও দুই দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে। তা হলো, কাল মঙ্গলবা প্রতিটি জেলা ও থানা সদরে এবং বুধবার বিভাগীয় শহরে বিক্ষোভ সমাবেশ।গতকাল নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির দুই দিনের কর্মসূচি ঘোষণা করেন দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। তিনি সারা দেশে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছেন।সংবাদ সম্মেলনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাছিরউদ্দিন, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন প্রমুখ উপস্থিত ছিলেন।যুবদলের মিছিল ছত্রভঙ্গ: কোকোর প্যারোল বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে গতকাল সকালে জাতীয়তাবাদী যুবদলের বিক্ষোভ মিছিল ছত্রভঙ্গ হয়ে যায় পুলিশের লাঠিপেটায়। সংগঠনের নেতারা অভিযোগ করেন, সকালে যুবদলের শান্তিপূর্ণ মিছিলে পুলিশ বাধা দেয় এবং কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ ও লাঠিপেটা করে। এ সময় প্রায় ৩০ জন নেতা-কর্মী আহত হন এবং আটজনকে গ্রেপ্তার করা হয়।অবশ্য পল্টন থানার পুলিশ দাবি করে, যুবদল অনুমতি ছাড়া সমাবেশ করার চেষ্টা করেছে। এ ছাড়া বিক্ষোভকারীরা কয়েকটি গাড়ি ভাঙচুর ও পুলিশের ওপর হামলা চালায়। এতে চার পুলিশ সদস্য আহত হয়েছেন। তাই পুলিশ ব্যবস্থা নিয়েছে।কোকোর প্যারোল বহাল রাখার দাবিতে গতকাল বেলা ১১টার কিছু পর নয়াপল্টনের কার্যালয়ের সামনে থেকে মিছিল করার উদ্যোগ নেয় যুবদল। মিছিল শুরুর সঙ্গে সঙ্গে পুলিশ বাধা দেয়। এ নিয়ে উত্তেজনা শুরু হলে পুলিশ লাঠিপেটা করে নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। যুবদলের কর্মীরা এরপর কয়েকটি যানবাহনে ভাঙচুর করেন। ঘটনাস্থল থেকে মতিউর রহমান ও আবদুর রাজ্জাক নামের যুবদলের দুই নেতাকে আটক করে পুলিশ।যুবদলের দপ্তর সম্পাদকের দায়িত্বপ্রাপ্ত কামরুজ্জামান দুলাল প্রথম আলোর কাছে দাবি করেন, তাঁদের সংগঠনের অন্তত আটজন নেতা-কর্মীকে পুলিশ আটক করেছে। পুলিশের লাঠিপেটার কারণে প্রায় ৩০ জন আহত হয়েছেন।এদিকে যুবদলের মিছিলে পুলিশের হামলার প্রতিবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। এক বিবৃতিতে তিনি বলেন, সরকার সব ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। এখন তারা বিরোধী দলকে দমনের চেষ্টা চালাচ্ছে। তিনি যুবদলের নেতাদের মুক্তির দাবি জানান। আইনজীবীদের সঙ্গে খালেদার বৈঠক: কোকোর প্যারোল বাতিলের আইনগত দিক নিয়ে খালেদা জিয়া শনিবার রাতে তাঁর গুলশানের কার্যালয়ে বিএনপির জ্যেষ্ঠ আইনজীবীদের সঙ্গে বৈঠক করেছেন।বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, চেয়ারপারসনের উপদেষ্টা আহমেদ আজম খান, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব ও কোকোর আইনজীবী মাহবুব উদ্দিন, ঢাকা জেলা আইনজীবী সমিতির সভাপতি সানাউল্লাহ মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।