যুবরাজের স্বপ্নপূরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আহমেদাবাদের রাস্তায় রাত তিনটায় ক্রিকেট!শহরের রিলিফ রোডে একদল তরুণ রাস্তার ওপর স্টাম্প বানিয়েছে। টেনিস বলে ক্রিকেট খেলছে মনের আনন্দে। বল পেটাচ্ছে আর সেই বল কখনো কখনো বাড়ির ব্যালকনিতেও ঢুকে পড়ছে! অন্য বল দিয়ে আবার খেলা শুরু।ঘণ্টা চারেক আগে এই শহর ভেসে গেছে আনন্দ-স্রোতে। তারই রেশ ধরে রাখতে এরা নামল ব্যাট-বল হাতে। একজন যুবরাজ সিং তাদের মনে দাগ কেটে গিয়েছে। এখন যুবরাজ সিং হওয়া চাই এই তরুণদেরও! এটা ওদের স্বপ্ন।যুবরাজ সিংয়ের নিজেরও একটা স্বপ্ন ছিল এত দিন। মনের মধ্যে গোপনে লালিত। কী সেটা? ‘গত এক বছরে ঠিক ৩৬৫ দিন আমি শুধু একটা স্বপ্ন দেখেছি। বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে হারাব। বিশ্বাস করুন, আমি ঠিক এই স্বপ্নটাই দেখেছি। আজ খুব আনন্দ লাগছে, আমার সেই স্বপ্ন পূরণ হয়েছে।’সাংবাদিকে ভরা মজলিসে যুবরাজকে খানিক আবেগতাড়িত দেখায়। তবে পরশু মধ্যরাতের এই সংবাদ সম্মেলনের শুরুটা ছিল একেবারে নির্ভার হাস্যরসে ভরা এক পরিবেশে। অস্ট্রেলিয়াকে হারিয়ে সংবাদ সম্মেলনকক্ষে আসতেই যুবরাজের উদ্দেশে পড়ল বিপুল করতালি। ভারতকে বিশ্বকাপের সেমিফাইনালে নিয়ে যাওয়ার নায়কও সাংবাদিকদের অভ্যর্থনা জানালেন একটু অন্যভাবে। একটু যেন খোঁচা মারলেন সুযোগ পেয়ে!‘জীবনে কত সংবাদ সম্মেলনে এসেছি। আপনাদের কাছ থেকে এই প্রথম হাততালি পেলাম। আপনারা তো সাধারণত হাততালি দেন না! আজ দিলেন, থ্যাংক ইউ গাইস’—যুবির প্রতিক্রিয়ায় হাসির রোল।এই বিশ্বকাপে ৭ ম্যাচে চারবার ম্যাচ-সেরার পুরস্কার হাতে নিয়েছেন, এ ম্যাচের অপরাজিত ৫৭ চাপে পড়ে যাওয়া ভারতকে নিয়ে গেছে জয়ের বন্দরে। ২০০৩ বিশ্বকাপ ফাইনালে হারের বদলাও নেওয়া গেছে। সুরেশ রায়নার সঙ্গে ষষ্ঠ উইকেটে গড়লেন অবিচ্ছিন্ন ৭৪ রানের জুটি। কীভাবে সম্ভব হলো? কী বলেছিলেন তখন অপেক্ষাকৃত অনভিজ্ঞ সঙ্গী রায়নাকে?‘জানতাম সুযোগ আসবে। সুযোগ কাজে লাগাতে মাথা ঠান্ডা রেখেছি। রায়নার সময়টা ভালো যাচ্ছিল না। ওকে বলেছিলাম, আমরা অন্তত ২০-৩০ রান করে ফেলতে পারলে আত্মবিশ্বাস বাড়বে। ও খুব ভালো সমর্থন দিয়েছে। আসলে আমরা বিশ্বাস করতে চাইছিলাম, জেতা সম্ভব খুব ভালোভাবে। সেভাবেই এগিয়ে যেতে পেরেছি’—যুবরাজের মুখে পরিতৃপ্তি।পরক্ষণেই নিজের কৌশলটাও জানিয়ে দেন, ‘বাতাসে খেলব না ঠিক করেছিলাম। মাটিতে খেলব এবং কোনো সুযোগ দেব না প্রতিপক্ষকে। ক্রিজে গিয়ে নিজেকে বলেছি, দলকে জয়ের বন্দরে পৌঁছে দিয়ে তারপর ফিরব। শেষ বল পর্যন্ত থাকার সংকল্প আমার মনে দারুণভাবে কাজ করেছে। ঈশ্বরকে ধন্যবাদ, পরিকল্পনামতোই সবকিছু হচ্ছে এবং আজও (পরশু) হলো।’ক্যারিয়ারে এই সময়টাকেই নিজের সেরা সময় মানতে কোনো দ্বিধা নেই যুবরাজের, ‘হ্যাঁ, অবশ্যই ক্যারিয়ারের সেরা সময় পার করছি আমি। এ জন্য আমি নিজেকে অনেক দিন ধরে তৈরি করেছি। বিশ্বকাপে ভালো পারফর্ম করতে পেরে আমি সত্যিই খুব খুশি।’ফর্মের মধ্যগগনে আছেন। সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে এই যুবরাজকেই চাইছে ভারত। সেটা তিনি নিজেও জানেন। তবে পাকিস্তান ম্যাচ নিয়ে ভাবার জন্য একটু সময় চান, ‘আমরা বড় একটা ম্যাচ খেলে উঠলাম কেবল। একটু মানসিক ও শারীরিক বিশ্রাম দরকার। সেটি আগে নিই, তারপর পাকিস্তান ম্যাচ নিয়ে ভাবা যাবে। এটি ভীষণ রকম চাপের ম্যাচ। কাজেই আগে খানিক সুস্থির হতে দিন আমাদের।’সংবাদ সম্মেলনে হাস্যরস থাকল অনেক। এক প্রশ্নে যুবরাজ তো হেসেই খুন, ‘আমার কি আর কিছু প্রমাণ করা বাকি আছে, ইয়ার!’