যুবলীগ কর্মী খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেন্ডার (দরপত্র) নিয়ে বিরোধে ছাত্রলীগ নামধারী যুবকেরা যুবলীগের এক কর্মীকে পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে মগবাজার এলাকায় এ ঘটনা ঘটে।জানা যায়, হামলায় আহত হওয়ার পর যুবলীগের কর্মী ইউসুফ আলী (৪২) প্রথমে থানায় গিয়ে মামলা করেন। তারপর আরও অসুস্থ হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল রাত সাড়ে আটটার দিকে হূদরোগ ইনস্টিটিউটে তাঁর মৃত্যু হয়। রমনা থানায় করা মামলায় তিনি চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২০-২৫ জনকে আসামি করেন।রাত সাড়ে ১০টায় ইস্কাটনে ইউসুফের ভাইয়ের বাসায় তাঁর পরিবারের সদস্যরা সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, ছাত্রলীগের নেতা-কর্মীরা তাঁকে হত্যা করেছে। পুলিশ জানিয়েছে, মামলাটি হত্যা মামলায় পরিণত হবে। ইউসুফ ৫৪ নম্বর ওয়ার্ড যুবলীগের প্রচার সম্পাদক বলে জানিয়েছেন তাঁর স্বজনেরা। তাঁর স্থায়ী ঠিকানা (পৈতৃক বাড়ি) ২০২/১ নিউ ইস্কাটন রোড। তবে তিনি মগবাজারের নয়াটোলায় একটি ভাড়া বাসায় স্ত্রী শাহীনুর ও দুই শিশুপুত্রকে নিয়ে থাকতেন।রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবলি নোমান প্রথম আলোকে জানান, রেডক্রিসেন্ট সোসাইটির দরপত্র জমা দেওয়া নিয়ে দ্বন্দ্বে ছাত্র নামধারী কিছু দুর্বৃত্ত গতকাল দুপুরে ইউসুফ আলীকে মারধর করে। এরপর রাতে তাঁর মৃত্যু হয়।পুলিশ জানায়, মার খাওয়ার পর দুপুরে ইউসুফ আলী রমনা থানায় এসে মামলা করেন। মামলায় তিনি উল্লেখ করেন, রেড ক্রিসেন্টের টেন্ডার নিয়ে মগবাজার মোড়ের কাছে টঙ্গী ডাইভারশন রোডের সর্দারবাড়ি এলাকায় তাঁকে কয়েকজন মারধর করে। এদের মধ্যে রয়েছেন ফয়সাল (২৪), মো. আলী (২৬), রিপন (২৬) ও বাদশাসহ (২৪) অজ্ঞাত ২০-২৫ জন। তারা রড, হকিস্টিক নিয়ে তাঁকে এলোপাতাড়ি মারধর করে। এ সময় ফয়সাল তাঁকে বলে, ‘আমার নিষেধ সত্ত্বেও তুই কেন টেন্ডার ফেলতে এসেছিস।’ পুলিশ ও স্বজনেরা জানান, মামলা করার পরপরই ইউসুফ আলী আরও অসুস্থ হয়ে পড়েন। নিজেই পাশের হলি ফ্যামিলি হাসপাতালে যান। সেখানকার চিকিৎসকেরা অবস্থা সংকটাপন্ন বলে তাঁকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখান থেকে স্বজনেরা তাঁকে হূদরোগ ইনস্টিটিউটে নিয়ে যান।ইউসুফের ভাতিজা সৈয়দ ইরফান আলী জানান, রেড ক্রিসেন্টের পুরোনো যানবাহন ও জিনিসপত্র নিলামে বিক্রির দরপত্র জমা দেওয়ার তারিখ ছিল গতকাল। তিনি দরপত্রে অংশ নিতে গেলে স্থানীয় ছাত্রলীগের নেতাদের সঙ্গে তাঁর বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে তারা ইউসুফ আলীকে মারধর করে। স্বজনেরা জানান, আগে থেকেই ইউসুফের হূদরোগ ছিল। গতকাল মারধরের পর তিনি গুরুতর অসুস্থ হয়ে মারা যান।রাত সাড়ে নয়টার দিকে ইউসুফের লাশ ইস্কাটন রোডে পৈতৃক বাড়িতে নিয়ে এলে ক্ষুব্ধ এলাকাবাসী লাশ নিয়ে মিছিল করেন। রাতে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে লাশ নিয়ে যায় পুলিশ।