যুবলীগ কর্মীর রগ কেটে ও বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের ঝিকরগাছা ও কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা এবং ফেনী পৌরসভায় মঙ্গলবার রাত ও গতকাল বুধবার দুপুরে তিনজন খুন হয়েছেন। তাঁরা হলেন ঝিকরগাছার নির্বাসখোলা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন (৪০), দৌলতপুরের হোগলবাড়িয়া ইউনিয়নের গাছেড় দিয়াড় গ্রামের গ্রামপুলিশ বাবুর আলী (৩০) এবং ফেনী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বিরিঞ্চি গ্রামের যুবলীগের কর্মী আবু সাঈদ (২৮)। আমাদের নিজস্ব প্রতিবেদক ও আঞ্চলিক কার্যালয় থেকে পাঠানো খবর: যশোর: মঙ্গলবার রাত ১০টার দিকে ঝিকরগাছার বাঁকড়া বাজার থেকে সাদিপুর গ্রামের শাহজাহান ও রবিউল ইসলামের সঙ্গে মোটরসাইকেলে করে বিএনপির নেতা শাহাদাত সাদিপুর গ্রামের বাড়িতে ফিরছিলেন। সাদিপুর মালোপাড়া মোড়ে পৌঁছালে ৮-১০ জন সন্ত্রাসী তাঁদের গতি রোধ করে। সন্ত্রাসীরা শাহাদাতকে অস্ত্র দেখিয়ে আটকে রেখে অন্য ব্যক্তিদের চলে যেতে বলে। শাহাদাতের সঙ্গীরা কিছু দূর গেলে দুটি বোমার শব্দ শুনতে পান। পরে লোকজন ঘটনাস্থলে গিয়ে শাহাদাতের লাশ দেখে পুলিশে খবর দেন। এ ব্যাপারে ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক বলেন, এলোপাতাড়ি কুপিয়ে শাহাদাত হোসেনকে খুন করা হয়েছে। শাহাদাতের সঙ্গে থাকা শাহজাহান ও রবিউলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মামলার প্রস্তুতি চলছে।কুষ্টিয়া: পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গাছেড় দিয়াড় গ্রামে গ্রামপুলিশ বাবুর আলীর বাড়িতে ১৫-১৬ জনের অস্ত্রধারী সন্ত্রাসী হামলা চালায়। সন্ত্রাসীরা বাড়ির সবাইকে জিম্মি করে অস্ত্র দেখিয়ে বাবুরকে তুলে নিয়ে যায়। রাতের কোনো এক সময় সন্ত্রাসীরা বাবুরকে পাশের মরিচা ইউনিয়নের ভোরকাপাড়া গ্রামের পদ্মানদীর পাড়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এরপর তাঁকে জবাই করে হত্যা করে। গতকাল ভোরে নদীর পাড় থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে দৌলতপুর থানার ওসি হাসান হাফিজুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। তবে বিষয়টি আরও খতিয়ে দেখা হচ্ছে। ফেনী: নিহত আবু সাঈদের বাবা আফজলের রহমান জানান, গতকাল দুপুরের খাওয়া শেষে আবু সাঈদ তাঁর ঘরে ঘুমাতে যায়। এ সময় আনিস, পুকুর পাড়ের সন্ত্রাসী মানিক তাঁকে মুঠোফোনে কল দিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। বিকেল সোয়া তিনটার দিকে সন্ত্রাসীরা সাঈদকে গুলি করে ও হাত-পায়ের রগ কেটে হত্যা করে। পরে লাশ স্থানীয় বায়তুল খায়ের মসজিদের সামনে ফেলে যায়। ফেনী সদর থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, নিহত আবু সাঈদের বিরুদ্ধে ফেনী থানায় পাঁচটি মামলা ছাড়াও সন্ত্রাস, চাঁদাবাজির বহু অভিযোগ রয়েছে। মামলা হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।