যুবলীগ কর্মীরা দাবি করলেও দায় নেবে না ছাত্রলীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মহানগর ছাত্রলীগ বলেছে, মগবাজারে যুবলীগের কর্মী ইউসুফ আলীর ওপর হামলাকারীরা ছাত্রলীগের কেউ নন। ইউসুফের আত্মীয়স্বজন ও বন্ধুদের দাবি, ছাত্রলীগের কর্মীদের হাতেই নিহত হয়েছেন তিনি।এদিকে এ ঘটনায় জড়িত সন্দেহে রাসেল নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।গত বৃহস্পতিবার দুপুরে টেন্ডার নিয়ে বিরোধের জেরে ছাত্রলীগ নামধারী কয়েকজন তরুণ ইউসুফকে মারধর করেন। ইউসুফ রমনা থানায় গিয়ে চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামি করে একটি মামলা করেন। এরপর তিনি অসুস্থ হয়ে পড়েন। রাত সাড়ে আটটার দিকে হূদরোগ ইনস্টিটিউটে ইউসুফের মৃত্যু হয়।মামলার তদন্ত কর্মকর্তা রমনা থানার উপপরিদর্শক (এসআই) এম এ জলিল প্রথম আলোকে জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে এজাহারভুক্ত আসামি ফয়সালের ভাই রাসেলকে গ্রেপ্তার করা হয়েছে। রাসেলও ইউসুফকে মারধরের সময় উপস্থিত ছিলেন বলে জানা গেছে। অন্যদের খোঁজা হচ্ছে। উপপরিদর্শক জানান, মৃত্যুর আগে ইউসুফের দায়ের করা মামলাটি হত্যা মামলায় রূপান্তরের জন্য আদালতে আবেদন করা হয়েছে।পুলিশ জানায়, মামলায় এজাহারভুক্ত ফয়সাল (২৪), মো. আলী (২৬), রিপন (২৬) ও বাদশা (২৪) ছাত্রলীগের সাংগঠনিক কোনো পদে রয়েছেন কি না, তা জানা যায়নি। তবে এলাকায় টেন্ডারবাজি, চাঁদার ভাগবাটোয়ারা, তদবির ইত্যাদি ব্যাপারে তাঁরাই বড় নেতা।ইউসুফের ভাইপো সৈয়দ ইমরান আলী জানিয়েছেন, ঘটনার প্রত্যক্ষদর্শী যুবলীগের কয়েকজন নেতা-কর্মী তাঁদের বলেছেন, ছাত্রলীগের নেতা-কর্মীরাই ইউসুফকে পেটান। এই ক্ষোভে ইউসুফের পরিবারের অমত সত্ত্বেও বৃহস্পতিবার রাতে যুবলীগের নেতা-কর্মীরা লাশ নিয়ে মিছিল বের করেন।শুক্রবার বিকেলে ইস্কাটনে ইউসুফের পৈতৃক বাড়িতে কয়েকজন এলাকাবাসী ও যুবলীগের কর্মী প্রথম আলোকে জানান, ইউসুফকে মারধরের সময় সেখানে স্থানীয় যুবলীগের কয়েকজন নেতাও ছিলেন। তাঁরা সবাই দেখেছেন, ছাত্রলীগের ছেলেরা ইউসুফকে মারছেন।মারধরকারীরা যে ছাত্রলীগের কর্মী তার প্রমাণ কী, জানতে চাইলে যুবলীগের কর্মীরা ক্ষুব্ধ হয়ে এই প্রতিবেদককে বলেন, ‘আমরা একসঙ্গে পার্টি করি, আমরা জানি না, তারা কী?’যুবলীগের কর্মীরা বলেন, আওয়ামী লীগের বিভিন্ন অনুষ্ঠানে ওই যুবকেরা নিয়মিত অংশ নেন। বিভিন্ন দলীয় কর্মসূচিতেও তাঁদের দেখা যায়। তাঁদের সাংগঠনিক কোনো পদ রয়েছে কি না, তা জানাতে পারেননি যুবলীগের এই কর্মীরা।তবে ঢাকা মহানগর (দক্ষিণ) ছাত্রলীগের সভাপতি আনিসুর রহমান প্রথম আলোকে বলেন, ‘ইউসুফকে মারধরকারীরা ছাত্রলীগের কেউ নন। সংগঠনে তাদের কোনো পদও নেই। কেউ বলতে পারবে না যে তারা কখনো ছাত্রলীগ করেছে। তাদের কর্মকাণ্ডের দায় নেবে না ছাত্রলীগ।’আনিসুর বলেন, তাঁরা যদি কেউ সংগঠনের সদস্য হতেন, তাহলে ছাত্রলীগ অবশ্যই তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিত।ময়নাতদন্তের পর গতকাল ইউসুফের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। বিকেলে তাঁকে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়।সুরতহালে ইউসুফের শরীরে ‘হালকা কিছু দাগ’ পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। সেগুলো খুব গুরুতর কোনো আঘাতের চিহ্ন নয়।