যুবলীগ কার্যালয় থেকে অপহূতদের উদ্ধার করলেন প্রতিমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের জেলা যুবলীগের কার্যালয় থেকে গতকাল রোববার অপহূত দুই ব্যবসায়ীকে উদ্ধার করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার।এ সময় অপহরণকারীরা পালানোর চেষ্টা করলে আবু রায়হান নামের একজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। রায়হান নিজেকে নির্দোষ ও যুবলীগের কর্মী বলে দাবি করেছেন। তবে জেলা যুবলীগ তা অস্বীকার করেছে।এ ঘটনায় রাজশাহীর বাঘা উপজেলার বাজুবাঘা গ্রামের পোলট্রি ব্যবসায়ী আবদুল মালেক নাটোর থানায় রায়হানসহ ১০ জনের বিরুদ্ধে অপহরণ ও চাঁদাবাজির মামলা করেন।নাটোর থানা সূত্রে জানা যায়, ব্যবসায়ী মালেক ও তাঁর সঙ্গী আবদুর রশিদ গতকাল দুপুরে নাটোরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলার হাজিরা দিয়ে মাইক্রোবাসে করে বাড়ি ফিরছিলেন। বেলা দেড়টার দিকে নাটোর শহরের মাদ্রাসা মোড়ে পৌঁছামাত্র ছয়-সাতজন যুবক যুবলীগের কর্মী পরিচয় দিয়ে তাঁদের মাইক্রোবাসটি আটকায়। ওই যুবকেরা জোর করে তাঁদের মাইক্রোবাসসহ শহরের হাসপাতাল সড়কে জেলা যুবলীগের কার্যালয়ে নিয়ে আটকে রাখে। কিছুক্ষণ পর ব্যবসায়ী মালেক তাঁদের আইনজীবী লোকমান হোসেনকে মুঠোফোনে অপহরণের বিষয়টি জানান।জেলা যুবলীগের ওই কার্যালয়ে নিয়মিত বসেন সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম ওরফে শিমুল। এ কারণে তা ৎ ক্ষণিক ঘটনাটি শফিকুলকে জানান আইনজীবী লোকমান। কিন্তু শফিকুল জানিয়ে দেন, ‘অপহরণের ঘটনাটি সত্য নয়। এর সঙ্গে তাঁর কোনো কর্মীও জড়িত নন।’এরপর আইনজীবী লোকমান ঘটনাটি নাটোর-২ আসনের সাংসদ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকারকে জানান। প্রতিমন্ত্রী তখন সদর উপজেলার লোচনগড়ে অবস্থান করছিলেন।এ ব্যাপারে প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার প্রথম আলোকে বলেন, ‘আইনজীবী লোকমানের কাছ থেকে খবর পেয়ে আমি মনে করলাম, অপহরণকারীদের হাতেনাতে নিজেই ধরব। সে জন্য দ্রুত লোচনগড়ের কাজ শেষ করে জেলা যুবলীগের কার্যালয়ে আসি। সেখানে মাইক্রোবাসসহ দুই ব্যবসায়ীকে দেখতে পাই। অপহরণকারীরা আমাকে দেখে পালানোর চেষ্টা করে। আমরা একজনকে হাতেনাতে ধরতে পারি।’অপহরণের খবর শুনে পুলিশ সুপার মো. কাইয়ুম জামান খানও সঙ্গে সঙ্গে জেলা যুবলীগের কার্যালয়ে ছুটে যান।উদ্ধার হওয়া ব্যবসায়ী আবদুল মালেক বলেন, ‘জায়গা-জমি নিয়ে ভায়রা নাটোরের লালপুর উপজেলার গোপালপুরের মো. দলিল হোসেনের সঙ্গে মামলা চলছে। আজও (রোববার) একটি মামলায় হাজিরা দিতে এসেছিলাম। কিন্তু আদালত থেকেই কয়েকজন সন্ত্রাসী আমাদের অনুসরণ করছিল। পরে তারা আমাদের অপহরণ করে যুবলীগের কার্যালয়ে নিয়ে যায়। সন্ত্রাসীরা নিজেদের জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের কর্মী বলে পরিচয় দেয়।’মালেক বলেন, ‘অপহরণকারীদের সঙ্গে আমার কোনো বিরোধ নেই। আমার ধারণা, প্রতিপক্ষের ইন্ধনে তারা এ ঘটনা ঘটিয়েছে।’গ্রেপ্তার হওয়া আবু রায়হান সাংবাদিকদের বলেন, ‘আমরা কাউকে অপহরণ করিনি। আমি যুবলীগের কার্যালয়ে বসে ছিলাম। পুলিশ আমাকে সন্দেহ করে আটক করেছে।’এ ব্যাপারে যুবলীগের নেতা শফিকুল ইসলাম বলেন, ‘অপহরণের ঘটনার সঙ্গে আমার কার্যালয়ের কোনো কর্মী জড়িত নয়। তবে যারা ওই ব্যবসায়ীদের আমার কার্যালয়ে নিয়ে এসেছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হলে আমার আপত্তি থাকবে না।’নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে থাকা উপপরিদর্শক নজরুল ইসলাম বলেন, ‘অপহরণকারীদের পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে। তাদের দ্রুত গ্রেপ্তার করা হবে।’পুলিশ কর্মকর্তা বলেন, পারিবারিক বিরোধের জের ধরে ভাড়াটে সন্ত্রাসীদের দিয়ে ঘটনাটি ঘটানো হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।