নরসিংদীর পৌর মেয়র লোকমান হোসেন হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া আসামি আশরাফুল ইসলাম সরকার ওরফে আশরাফের ১০ দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। পুলিশ আজ বুধবার দুপুরে তাঁকে নরসিংদীর মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চায়। বিচারক নিতাই চন্দ্র সাহা তাঁর ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।গতকাল মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে ঢাকার খিলগাঁও থেকে আশরাফকে গ্রেপ্তার করে নরসিংদীর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আশরাফ নরসিংদী শহর যুবলীগের সভাপতি ও লোকমান হত্যা মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামি মতিন সরকারের ছোট ভাই। লোকমান হত্যা মামলার ১৪ জন আসামির মধ্যে এই প্রথম এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করতে পারল পুলিশ। ১ নভেম্বর রাতে নরসিংদী আওয়ামী লীগের কার্যালয়ে মুখোশধারীদের গুলিতে নিহত হন শহর কমিটির সাধারণ সম্পাদক ও পৌর মেয়র লোকমান হোসেন। এ ঘটনায় মন্ত্রী রাজিউদ্দিনের ছোট ভাই সালাউদ্দিনসহ ১৪ জনকে আসামি করে মামলা করেন নিহত লোকমানের ছোট ভাই কামরুজ্জামান।