যুবলীগ নেতা দিদারুলের পক্ষে চট্টগ্রামে সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুবলীগের কেন্দ্রীয় সাবেক সদস্য দিদারুল আলম ওরফে মাসুমকে গ্রেপ্তার ষড়যন্ত্রের প্রতিবাদে আজ বুধবার চট্টগ্রাম নগরের লালখান বাজার এলাকায় প্রায় ২০০ নারী-পুরুষ মিছিল ও সমাবেশ করেছেন। মিছিলকারীরা সবাই স্থানীয় এলাকার বাসিন্দা। দিদারুল আলমকে গ্রেপ্তার করা হলে চট্টগ্রাম অচল করে দেওয়ার হুমকি দেওয়া হয়।‘চট্টগ্রামে যুবলীগ নেতার গুলি, পরিস্থিতি বিচার করে ব্যবস্থা নেবে পুলিশ’ শিরোনামে আজ ‘প্রথম আলো’য় একটি সংবাদ প্রকাশ করা হয়।সমাবেশে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর এ এফ কবির আহমেদ সংবাদপত্র ও সম্প্রচার মাধ্যমের সমালোচনা করে বলেন, জামায়াত-শিবির ও হেফাজতে ইসলামের নেতা-কর্মীরা পটিয়ায় আওয়ামী লীগের কর্মীদের ঘরবাড়ি পুড়িয়ে দিয়েছে। ঠান্ডা মাথায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের রগ কেটেছে। এসব ছবি সংবাদপত্রে ছাপানো হয়নি। আত্মরক্ষার জন্য লাইসেন্স করা অস্ত্র দিয়ে ফাঁকা গুলি ছোড়ার ছবি ছাপানো হয়েছে। বক্তারা অভিযোগ করেন, ‘হেফাজতে ইসলামের নিয়ন্ত্রণাধীন লালখান বাজার মাদ্রাসার আশপাশের বাড়িগুলোতে বিয়ের অনুষ্ঠান করতে দেওয়া হয় না। মেহেদি অনুষ্ঠানে এসে মাইক বন্ধ করে দেওয়া হয়। এলাকার মানুষ বহু দিন ধরে তাদের এসব অত্যাচার সহ্য করে আসছে। তারা এখন লালখান বাজার থেকে আওয়ামী লীগকে উত্খাতের ঘোষণা দিয়েছে। কিন্তু আমরাও বলছি, মাদ্রাসার সামনে লাল দাগ টেনে দেওয়া হবে। তার বাইরে এলেই প্রতিহত করা হবে।’ আজ বিকেলে নারী-পুরুষদের ওই মিছিলটি লালখান বাজার ইস্পাহানী মোড় থেকে শুরু হয়। এরপর ওয়াসা, হাইলেভেল সড়ক ও বাঘঘোনা ঘুরে আবার ইস্পাহানী মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মোমিনুল হকের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন চট্টগ্রাম মহানগর যুবলীগের সহ-সভাপতি সুরুত্ কুমার চৌধুরী, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সদস্য আবুল হাসনাত মো. বেলাল, যুবলীগের নেতা আবদুল্লাহ হাসান, ছাত্রলীগের নেতা শেখ মহিউদ্দিন প্রমুখ।