চট্টগ্রামে রেলের দরপত্র জমা দেওয়া নিয়ে যুবলীগ ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষে দুজন নিহত হওয়ার ঘটনায় যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হেলাল আকবর চৌধুরী (বাবর) ও তাঁর পাঁচ সহযোগীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে গুলশান-১ নম্বরের নিকেতন এলাকার একটি বাসা থেকে তাঁদের গ্রেপ্তার করে ডিবির একটি দল।গ্রেপ্তার হওয়া অন্য ব্যক্তিরা হলেন বাবরের সহযোগী পলাশ দাশ, শাহ আলম, রবি দে, মাজহারুল ইসলাম, প্রেমাশীষ।প্রথম আলো ডটকমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মো. মাসুদুর রহমান। তিনি জানান, গ্রেপ্তারের পর তাঁদের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে।গত সোমবার চট্টগ্রাম রেলওয়ে পূর্বাঞ্চলের ৯৬ লাখ টাকার দরপত্র জমা দেওয়া নিয়ে নগরের সিআরবির সাতরাস্তা মোড়ে যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এ সময় শিশু আরমান হোসেন (৮) ও যুবক সাজু পালিত (২৫) গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মহিবুর রহমান ওই দিন বাদী হয়ে একটি মামলা করেন। মামলায় ছাত্রলীগের কেন্দ্রীয় সহসম্পাদক সাইফুল আলম লিমনসহ ৮৭ জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া অজ্ঞাতনামা ৩০-৪০ জনকে আসামি করা হয়েছে।জানা গেছে, দুই পক্ষের সংঘর্ষকালে গুলিবিদ্ধ হয়ে নিহত সাজু চট্টগ্রাম নগরের এনায়েত বাজার ওয়ার্ড যুবলীগের সদস্য ছিলেন। তিনি একটি পরিবহন কোম্পানিতে চাকরি করতেন। বন্ধুদের সঙ্গে তিনি সিআরবি এলাকায় গিয়েছিলেন। তাঁর বন্ধুরা গ্রেপ্তার হওয়া যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য হেলাল আকবর চৌধুরীর (বাবর) অনুসারী। নিহত শিশু আরমান রিকশাচালক মোহাম্মদ সিদ্দিকের ছেলে। নগরের কদমতলী এলাকার একটি মাদ্রাসায় পড়ত সে। পরিবারের সঙ্গে সে সিআরবি এলাকার একটি বস্তিতে থাকত। দুই পক্ষের সংঘর্ষ চলাকালে আরমান বন্ধুদের সঙ্গে খেলছিল।রেলওয়ে সূত্র জানায়, রেলের বিভিন্ন উন্নয়নকাজের ৯৬ লাখ টাকার দরপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল সোমবার। এ ঘটনায় গতকাল চট্টগ্রাম থেকে ছাত্রলীগের কেন্দ্রীয় এক নেতাসহ ৫২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের মধ্যে ৪৪ জনকে এক দিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন চট্টগ্রাম মহানগর আদালত।