যুবলীগ নেতা হত্যা মামলায় ৪ জনকে মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা জেলার দোহার থানার স্থানীয় যুবলীগের নেতা মো. জামাল হত্যা মামলায় চারজনকে মৃত্যুদণ্ড ও দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক রেজাউল ইসলাম আজ সোমবার এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ড পাওয়া আসামিরা হলেন—পল্লব ব্যাপারি, আমির হোসেন, শিপলু ও আরিফুল হাসান ওরফে পোয়া।আর যাবজ্জীবন পাওয়া আসামিরা হলেন—কামাল হোসেন ও আনোয়ার হোসেন।অন্যদিকে এ মামলায় অপর পাঁচ আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁদের বেকসুর খালাস দেওয়া হয়। তাঁরা হলেন—শাহাদত হোসেন, কবির হোসেন, হানিফ, সজীব ও রনি। উল্লেখ্য, পূর্বশত্রুতার জের ধরে ২০০৯ সালের ১৭ জুলাই দোহারের কাচারীঘাট বাজারে আসামিরা মুজিবুরের স মিলের সামনে চাপাতি, চাকু ও পিস্তল দিয়ে জামালের ওপর হামলা করে। পরে মুুজিবুর রহমান তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সকরা তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহত জামালের বাবা ফালু মুন্সি বাদী হয়ে ওই দিনই দোহার থানায় একটি মামলা করেন। দোহার থানার পুলিশ তদন্ত শেষে ওই বছরেরই ১৫ অক্টোবর ১১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। আদালত ১৩ জনের সাক্ষ্য গ্রহণ করে আজ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন বিশেষ সরকারি কৌঁসুলি রফিকুল ইসলাম।