যুবলীগ নেতার আঙুল কেটে নিলেন ছাত্রলীগের কর্মীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় ছাত্রলীগসমর্থিত সন্ত্রাসীরা রামদা দিয়ে কুপিয়ে যুবলীগের নেতা এনামুল হকের (৩৫) বাঁ হাতের তিনটি আঙুল কেটে নিয়েছে। এ ছাড়া সন্ত্রাসীরা এনামুলের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করেছে। গত বৃহস্পতিবার রাত সাড়ে সাতটায় উপজেলার ঠাকুরদীঘি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।এনামুলের অবস্থার অবনতি হওয়ায় ওই দিন রাতেই তাঁকে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এনামুল মিরসরাই উপজেলা যুবলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য।বৃহস্পতিবার রাতে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্ব পালন করা চিকিৎসা কর্মকর্তা জুনায়েদ চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘এনামুলের বাঁ হাতের তিনটি আঙুলের মাথা পড়ে গেছে। ডান হাতের একটি আঙুলের অবস্থা সংকটাপন্ন। তাঁর মাথার পেছনে কোপ লেগেছে। অবস্থার অবনতি হওয়ায় রাতেই তাঁকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়।’আহত এনামুল ও নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক প্রত্যক্ষদর্শী জানান, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঠাকুরদিঘী বাজারের একটি দোকানে বসে ছিলেন এনামুল। ওই সময় সেখানে উপজেলার দুর্গাপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফেরদৌস আলমসহ আট-দশজন সন্ত্রাসী নিয়ে হাজির হয়। তারা এনামুলকে দোকান থেকে টেনেহিঁচড়ে বের করে বাজারের শতাধিক লোকের সামনে রাম দা দিয়ে এলোপাতাড়ি কোপায় এবং আঙুল কেটে নেয়। এ সময় ফেরদৌস বাজারে উপস্থিত শতাধিক লোকজনের উদ্দেশে বলেন, ‘ভবিষ্যতে যারা জসিম ভাইয়ের কাজে বাধা দেবে তাদের পরিণতি আরও ভয়াবহ হবে।’প্রসঙ্গত, ফেরদৌস চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও পরিবেশবিষয়ক সম্পাদক জসিম উদ্দিনের চাচাতো ভাই।গতকাল শুক্রবার বেলা ১১টায় আহত এনামুলের চেতনা ফিরলে মুঠোফোনে তাঁর সঙ্গে কথা হয়। তিনি বলেন, ‘আওয়ামী লীগের নেতা জসিম উদ্দিনের মিরসরাইয়ের বাড়ি থেকে ২০ নভেম্বর রাতে পুলিশ ৭৬ বস্তা চোরাই রাবার উদ্ধার করে। এরপর থেকে জসিম ও তাঁর চাচাতো ভাই ফেরদৌস বিভিন্ন লোকজনের মাধ্যমে আমাকে রাবারের ক্ষতিপূরণ দিতে চাপ সৃষ্টি করে। বিষয়টি আমি উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, পুলিশ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের জানাই। কিন্তু তাঁরা কোনো ব্যবস্থা নেননি। আমার এই পরিণতির জন্য তাঁরা সবাই দায়ী।’আহত এনামুলের পরিবারের সদস্যরা অভিযোগ করেন, আওয়ামী লীগের নেতা জসিম উদ্দিনের নির্দেশে তাঁর চাচাতো ভাই ফেরদৌস এ হামলা চালান। হামলার ঘটনায় তাঁরা মামলা করবেন।এ ব্যাপারে জসিম উদ্দিন দাবি করেন, ‘এনামুলের আঙুল কাটা ও তাঁর ওপর হামলার ঘটনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। আমি কাউকে কোনো নির্দেশও দিইনি। যারা হামলার সময় আমার নাম উচ্চারণ করেছে, এর দায়দায়িত্ব তাদের।’ এ ঘটনার তদন্ত করে বিচারের দাবি জানান তিনি।জসিম উদ্দিন স্বীকার করেছেন অভিযুক্ত ছাত্রলীগের নেতা ফেরদৌস তাঁর চাচাতো ভাই। ফেরদৌস আত্মগোপন করায় হামলার ব্যাপারে তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি। ঘটনার পর থেকে তাঁর ব্যক্তিগত মুঠোফোন বন্ধ।উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক অনির্বাণ চৌধুরী বলেন, ‘এনামুল যুবলীগের একজন ত্যাগী নেতা। তাঁর ওপর বর্বর হামলার তীব্র নিন্দা জানাই। সেই সঙ্গে দোষীদের শিগগিরই গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।’ এ ব্যাপারে মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী জানান, দোষীদের আইনের মুখোমুখি করা হবে।মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির জানান, এ ব্যাপারে এখনো কেউ মামলা করেনি। মামলা পেলে অবশ্যই দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।