যুবলীগ নেতার নেতৃত্বে র‌্যাবের ওপর হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের কামারপাড়া এলাকায় গত বৃহস্পতিবার রাতে স্থানীয় যুবলীগের এক নেতার নেতৃত্বে একদল দুর্বৃত্ত র‌্যাবের সদস্যদের ওপর হামলা চালিয়েছে। এ সময় তারা র‌্যাবের সদস্যদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও মুঠোফোন ছিনিয়ে নিয়ে যায়।গোবিন্দগঞ্জ পৌর যুবলীগের সদস্য হাসানুল ইসলামের নেতৃত্বে ওই হামলা চালানো হয়। ঘটনার পর রাতেই র‌্যাব-৫-এর কমান্ডিং অফিসার লে. কর্নেল কামরুল হাসান, গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল ওয়াহেদ ঘটনাস্থল পরিদর্শন করেন।লে. কর্নেল কামরুল হাসান গতকাল শুক্রবার রাতে প্রথম আলোকে বলেন, এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে হাসানুল ইসলামসহ নয়জনের নাম উল্লেখ করে রাতে গোবিন্দগঞ্জ থানায় মামলা করেছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার র‌্যাব-৫-এর কোম্পানি কমান্ডার এম আলমগীর হোসেন তিনজন কনস্টেবলসহ গোবিন্দগঞ্জ-দিনাজপুর সড়ক হয়ে রংপুর থেকে দিনাজপুরের হাকিমপুরে অভিযানে যাচ্ছিলেন। রাত আটটার দিকে তাঁরা গোবিন্দগঞ্জ উপজেলা শহরের অদূরে কামারপাড়ায় পৌঁছান। এ সময় যুবলীগের নেতা হাসানুল তাঁর দুই সহযোগীসহ মোটরসাইকেলে করে র‌্যাবের গাড়ি অতিক্রম করতে গিয়ে গাড়ির লুকিং গ্লাস ভেঙে ফেলেন। এরপর র‌্যাবের সদস্যরা ধাওয়া করে তাঁদের আটক করে গাড়ির কাচ ঠিক করে দিতে বলেন। এ সময় স্থানীয় লোকজন এসে বিষয়টি মীমাংসা করে দেন।স্থানীয় সূত্র জানায়, এর পরও যুবলীগের নেতা হাসানুল মুঠোফোনে নিজের লোকজনকে ঘটনাস্থলে ডেকে পাঠান। তারা এসে হাসানুলের সঙ্গে যোগ দিয়ে র‌্যাবের সদস্যদের ওপর চড়াও হয়। তারা র‌্যাবের সদস্য ও গাড়ির চালককে মারধর ও গাড়ি ভাঙচুর করে। একপর্যায়ে হামলাকারীরা কোম্পানি কমান্ডার আলমগীর হোসেনের একটি চায়নিজ পিস্তল ও মুঠোফোন ছিনিয়ে নেয়। এ সময় র‌্যাবের সদস্যরা চারটি গুলি ছোড়েন। পরে গোবিন্দগঞ্জ থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।সূত্র জানায়, র‌্যাবের চার সদস্য ও তাঁদের গাড়ির চালক স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।সূত্র জানায়, অস্ত্র উদ্ধার ও হামলাকারীদের গ্রেপ্তারে রাতভর ওই এলাকায় পুলিশ ও র‌্যাব যৌথ অভিযান চালায়। গতকাল রাত আটটা পর্যন্ত অস্ত্র উদ্ধার কিংবা কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।হাসানুল ইসলামের সাংগঠনিক পরিচয় নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন। হাসানুল পলাতক। বন্ধ রয়েছে তাঁর মুঠোফোন।গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আক্কাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে। তিনি জানান, হাসানুলের বিরুদ্ধে মোটরসাইকেল ছিনতাইসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।ওসি জানান, ঘটনার প্রায় ২৪ ঘণ্টা পর গতকাল রাত নয়টার দিকে ঘটনাস্থলের কাছে একটি গাছের গোড়ায় পরিত্যক্ত অবস্থায় পিস্তলটি পাওয়া যায়।