যুবলীগ নেতার বাড়িতে হামলা, ১৪৪ ধারা
মেহেরপুর জেলা যুবলীগের কার্যালয় ও সভাপতির বাড়িতে আজ মঙ্গলবার দুপুরে হামলা চালিয়েছেন স্থানীয় বাস মালিক শ্রমিকেরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১০টি রাবার বুলেট ছোড়ে। এ ঘটনায় ব্যাপক উত্তেজনা বিরাজ করায় শহর ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারা বলবত্ থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।জানা গেছে, গতকাল সোমবার অটোবাইক-চালকের হাতে একজন বাসচালক আহত হন। এ নিয়ে বাস ও অটোবাইক-চালকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। ওই দিন থেকে বাসশ্রমিকেরা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করেন। এর জের ধরে আজ এ হামলার ঘটনা ঘটে।অটোবাইক চালকদের নেতৃত্ব দিচ্ছেন জেলা যুবলীগের সভাপতি সাজ্জাদুল আনাম আর বাসশ্রমিকদের নেতৃত্ব দিচ্ছেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা বাস মালিক সমিতির সম্পাদক গোলাম রসুল।প্রত্যক্ষদর্শীরা জানান, অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবিতে আজ দুপুর ১২টায় মেহেরপুর আন্তজেলা বাস মালিক শ্রমিক সমিতির ব্যানারে শহরে একটি মিছিল বের হয়। সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা বাস মালিক সমিতির সম্পাদক গোলাম রসুল মিছিলে নেতৃত্ব দেন। শহর প্রদক্ষিণের সময় মিছিলকারীরা জেলা যুবলীগের বড়বাজারের দলীয় কার্যালয়ে হামলা চালায়। তারা অফিসের আসবাবপত্র, জানালা ও দরজা ভাঙচুর করে। সেখানে যুবলীগ নেতাকে না পেলে তারা মিছিল নিয়ে তাঁর বাড়িতে হামলা চালায়। এ সময় বিক্ষোভকারীদের হাতে ধারালো অস্ত্র ও লাঠি ছিল। তারা বাড়ির ভেতরে ঢুকে একটি কক্ষে আগুন ধরিয়ে দেয়। টেলিভিশনসহ মূল্যবান আসবাব ভাঙচুর করে। আগুনে অনেক আসবাবপত্র পুড়ে গেছে।এ সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। তারা পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়ে এবং তিন-চারটি বোমার বিস্ফোরণ ঘটায়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ ১০টি রাবার বুলেট ছোড়ে।এ হামলার জন্য গোলাম রসুলকে দায়ী করেছেন সাজ্জাদুল আনাম। তিনি বলেন, গোলাম রসুলের নেতৃত্বে কিছু ভাড়াটে সশস্ত্র সন্ত্রাসী এই হামলা চালিয়েছে। তারা তাঁর বাড়ির বিভিন্ন কক্ষে আগুন লাগায় ও ভাঙচুর করে। এ সময় তাঁর বৃদ্ধ মাকে মারধর করা হয়। তখন পুলিশ নীরব ছিল। এর প্রতিবাদে দলীয় সিদ্ধান্ত অনুসারে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।অপরদিকে গোলাম রসুল বলেন, অবৈধ যানবাহন বন্ধের দাবিতে তাঁরা শান্তিপূর্ণ মিছিল বের করেন। এ সময় পুলিশের মারমুখী ভূমিকার কারণে পরিস্থিতি উত্তপ্ত হয়। তখন কিছু অটোবাইক-চালক ভুল করে যুবলীগ নেতার বাড়িতে হামলা চালান। এ জন্য পুলিশই দায়ী। মেহেরপুরের পুলিশ সুপার আবদুল্লাহ হেল বাকী জানান, রাজনৈতিক দ্বন্দ্বের কারণে এই ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনার সময় ১০টি রাবার বুলেট ছোড়ে। শহরের সব মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে।মেহেরপুর জেলা ম্যাজিস্ট্রেট (জেলা প্রশাসক) দেলওয়ার হোসেন জানান, উত্তেজনাকর পরিস্থিতি মোকাবিলায় শহর ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে।