যুবলীগের কংগ্রেসে বিশৃঙ্খলা, হট্টগোল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী যুবলীগের চেয়ারম্যান পদে আগের কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীই বহাল রয়েছেন। আর সাধারণ সম্পাদক করা হয়েছে হারুন অর রশীদকে। তিনি আগের কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য ছিলেন। গতকাল শনিবার রাত পৌনে নয়টায় গণভবন থেকে নতুন কমিটির নেতা হিসেবে এঁদের নাম চূড়ান্ত করা হয় এবং তা সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে জানানো হয়। এর আগে বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের প্রাঙ্গণে যুবলীগের কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে চেয়ারম্যান পদে নেতা নির্বাচন নিয়ে হইচই, বিশৃঙ্খলা ও প্রচণ্ড হট্টগোল হয়। ফলে অধিবেশন মুলতবি করা হয়। পরে রাতে গণভবনে চেয়ারম্যান, সাধারণ সম্পাদক ও যুগ্ম সম্পাদকের নাম ঘোষণা করা হয়। যুগ্ম সম্পাদক হলেন মহিউদ্দিন আহমেদ। এ ক্ষেত্রে কাউন্সিলর ও ডেলিগেটদের মতামত উপেক্ষা করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। যুবলীগের নতুন চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক উভয়ে ষাটোর্ধ্ব বলে সংগঠনের একাধিক নেতা জানিয়েছেন। এর মধ্যে ওমর ফারুক চৌধুরী আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিমের ভগ্নিপতি। একইভাবে গতকাল রাতে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি পদে ইসমাইল চৌধুরী ওরফে সম্রাট, সাধারণ সম্পাদক পদে ওয়াহিদুল আলম ওরফে আরিফ এবং মহানগর উত্তরের সভাপতি পদে মাইনুল হোসেন খান ওরফে নিখিল এবং সাধারণ সম্পাদক পদে ইসমাইল হোসেনের নাম ঘোষণা করা হয়েছে। দলীয় একাধিক সূত্র জানায়, গতকাল বিকেল সাড়ে চারটায় নতুন নেতৃত্ব নির্বাচনের জন্য বিলুপ্ত কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে যুবলীগের কংগ্রেসের দ্বিতীয় অধিবেশন শুরু হয়। প্রচণ্ড হট্টগোল ও হইচইয়ের মধ্যে সন্ধ্যা সাতটায় অধিবেশন মুলতবি করে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, ওমর ফারুক চৌধুরী ও মির্জা আজম গণভবনে যান। সেখানে তাঁরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দীর্ঘ সময় কথা বলেন। এরপর তাঁরা আর অধিবেশনে ফিরে আসেননি। পরে গণভবন থেকেই নির্দেশ পেয়ে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটির নাম প্রকাশ করা হয়। কিন্তু কাউন্সিলে আনুষ্ঠানিকভাবে কারও নাম ঘোষণা করা হয়নি। রাত নয়টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে কাউন্সিলর ও ডেলিগেটদের কাছে নতুন চেয়ারম্যান ও সাধারণ সম্পাদকের নাম জানাজানি হলে তাঁরা ক্ষোভে ফেটে পড়েন। অনেকে কান্নাকাটিও করেন। ‘এ সিদ্ধান্ত মানি না’ বলে তাঁরা স্লোগান দেন। অনেক কাউন্সিলর ও ডেলিগেট মনঃক্ষুণ্ন হয়ে সভাস্থল ত্যাগ করেন। এর আগে বিকেলে দ্বিতীয় অধিবেশনের একপর্যায়ে বিদায়ী সাধারণ সম্পাদক মির্জা আজম নতুন নেতৃত্ব নির্বাচনে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার কাছে ক্ষমতা অর্পণের জন্য কাউন্সিল ও ডেলিগেটদের প্রতি অনুরোধ করেন। তিনি বলেন, ‘কমিটি গঠনে দলীয় সভানেত্রীর ওপর সর্বময় ক্ষমতা অর্পণ করা সংগঠনের ঐতিহ্য। আপনারা অনুমতি দিলে নেত্রীর কাছে যাব।’ তাঁর এ কথার সঙ্গে সঙ্গেই পুরো অধিবেশন ‘আজম ভাইকে চেয়ারম্যান চাই’ স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে স্লোগান, হইচই আর হট্টগোলে পরিস্থিতি চরম আকার ধারণ করে। তখন জাহাঙ্গীর কবির মঞ্চে এসে হট্টগোল নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ব্যর্থ হন। এরপর মির্জা আজম মাইক হাতে নিয়ে সবাইকে থামাতে আপ্রাণ চেষ্টা করেন। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে অধিবেশন মুলতবি করা হয়।