যুবলীগের কর্মী লিটনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ে ছাত্রলীগের নেতা ফারুক হোসেনের হত্যাকাণ্ডে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন যুবলীগের কর্মী মো. লিটন। গত বৃহস্পতিবার তিন দিনের রিমান্ড শেষে তাঁকে আদালতে হাজির করা হলে তিনি জবানবন্দি দিতে রাজি হন।আদালত ও পুলিশ সূত্রে জানা গেছে, পঞ্চগড়ের বিচারিক হাকিম মো. মিজানুর রহমানের আদালতে দুপুর সাড়ে ১২টা থেকে বেলা তিনটা পর্যন্ত ১৬৪ ধারায় জবানবন্দি দেন লিটন। তিনি জানান, ৮ এপ্রিল বেলা সাড়ে ১১টায় জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আবু তোয়াবুর রহমান তাঁকে মুঠোফোনে দ্রুত উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে যেতে বলেন। তিনি রিকশাযোগে কার্যালয়ে গিয়ে দেখেন, যুবলীগ ও ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে ঝগড়া চলছে। এ সময় তোয়াবুর, শহর যুবলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ওরফে স্বাধীন, জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক আমিনুর ইসলাম, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জুলফিকার আলী, কৃষক লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, নবীন, তরি, মুন্না প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন।লিটন বলেন, ‘ঘটনাস্থলে পৌঁছালে আমাকে জানানো হয়, দরপত্র নিয়ে ঝগড়া চলছে। এ সময় তোয়াবুর ও স্বাধীন আমাকে হুকুম দিয়ে বলে, এগিয়ে আয়। হুকুম পেয়ে আমি এগিয়ে যাই। এমন সময় ছাত্রলীগের জুয়েল, ফরহাদ ও আনোয়ার রামদা নিয়ে ধাওয়া করে আমাকে ধরে ফেলে। তাঁরা আমাকে এলোপাতাড়ি কোপায়। আমি আহত হয়ে মাটিতে পড়ে যাই। লোকজন আমাকে পঞ্চগড় হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে আমাকে ঠাকুরগাঁও হাসপাতালে নেওয়া হয়। হাসপাতাল থেকে পুলিশ আমাকে গ্রেপ্তার করে। পরে জানতে পারি, ছাত্রলীগের ফারুক মারা গেছে।’রিমান্ডে অত্যাচার বা দোষ স্বীকারের জন্য তাঁর ওপর কোনো চাপ সৃষ্টি করা হয়নি বলে উল্লেখ করেন লিটন। একই সঙ্গে মিজানুর রহমান ওরফে কসাই মঞ্জুকেও (২৮) আদালতে হাজির করা হয়। তবে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে অস্বীকার করেন।পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জমিরউদ্দিন জানান, ১৬১ ধারায় পুলিশের জিজ্ঞাসাবাদে তাঁরা ঘটনার সঙ্গে সম্পৃক্ত বলে স্বীকার করেছেন। লিটন পুলিশকে জানান, আমিনুরের চাপাতির আঘাতে ফারুক নিহত হয়েছেন। ওসি জানান, অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।