যুবলীগের কর্মীকে ছাড়িয়ে নিতে পুলিশের সঙ্গে হাতাহাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের ঝিকরগাছা পৌর এলাকা থেকে গ্রেপ্তার করা এক আসামিকে ছাড়িয়ে নিতে পুলিশের সঙ্গে হাতাহাতি করেছেন উপজেলা যুবলীগের কর্মী ও আসামির স্বজনেরা। এতে ঝিকরগাছা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মোরশেদ আলম ও কনস্টেবল সিরাজ উদ্দীন আহত হন। গ্রেপ্তার হওয়া রাজু আহমেদ (২৩) উপজেলা যুবলীগের কর্মী। মাদকদ্রব্য আইনের একটি মামলায় আজ সোমবার সকাল ১০টার দিকে উপজেলার কৃৃষ্ণনগর গ্রাম থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। রাজুকে ছেড়ে দেওয়ার দাবিতে সকাল সাড়ে ১০টা থেকে ১১টা পর্যন্ত যশোর-বেনাপোল সড়কের ঝিকরগাছা বাসস্ট্যান্ডে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে স্থানীয় লোকজন। তাঁদের সঙ্গে যুবলীগের কর্মীরাও ছিলেন। পরে স্থানীয় আওয়ামী লীগের হস্তক্ষেপে তাঁরা অবরোধ তুলে নেন। ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির প্রথম আলো ডটকমকে জানান, রাজুকে গ্রেপ্তারের পর তাঁকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমানের নেতৃত্বে কিছু লোক। এতে হাতাহাতির একপর্যায়ে পুলিশের দুই সদস্য আহত হন। ওসি আরও জানান, রাজু মাদকদ্রব্য আইনের একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি। এ ছাড়া তাঁর বিরুদ্ধে খুন, চাঁদাবাজি, মাদক, জখমসহ বিভিন্ন অভিযোগে শার্শা, ঝিকরগাছা ও খুলনা থানায় পাঁচটি মামলা রয়েছে। ওবায়দুর রহমান তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘এ ঘটনা আমার নয়, জনগণের নেতৃত্বে ঘটেছে।’