যুবলীগের ছয় নেতা-কর্মীকে পেটাল পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহ আলী থানায় আটক যুবলীগের এক কর্মীকে ছাড়িয়ে আনতে গিয়ে আজ রোববার পুলিশের হামলার শিকার হয়েছেন স্থানীয় যুবলীগের ছয়জন নেতা-কর্মী।এ ঘটনার পর আওয়ামী লীগ ও যুবলীগের নেতা-কর্মীরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) সব পুলিশের অপসারণের দাবিতে দুই ঘণ্টা থানা ঘেরাও করে বিক্ষোভ করেন।জানতে চাইলে শাহ আলী থানার ওসি মো. আনিছুর রহমান প্রথম আলোকে বলেন, পুলিশের সোর্সকে মারধর করলে পুলিশ উত্তেজিত হয়ে এ ঘটনা ঘটিয়েছে।থানা সূত্র জানায়, গত শনিবার রাতে শাহ আলী এলাকায় জুয়ার আসরে অভিযান চালিয়ে পুলিশ স্থানীয় যুবলীগের নেতাসহ চারজনকে আটক করে। যুবলীগের আটক সদস্য ইউসুফ আলীকে ছাড়িয়ে আনতে গতকাল রোববার সকালে স্থানীয় যুবলীগের নেতারা থানায় যান। পরে অবশ্য ইউসুফকে ছেড়ে দেওয়া হয়। ইউসুফকে পুলিশের সোর্স হারুন ধরিয়ে দিয়েছে সন্দেহে পিকআপে থাকা হারুনকে যুবলীগের নেতা-কর্মীরা চর-থাপ্পড় মারেন। এতে সহকারী উপপরিদর্শক (এএসআই) সাজ্জাদ ক্ষিপ্ত হয়ে থানায় ঢুকে পুলিশ সদস্যদের ডেকে আনেন।যুবলীগের নেতা-কর্মীরা দাবি করেন, এএসআই সাজ্জাদের নেতৃত্বে শাহ আলী থানার একদল পুলিশ রাইফেলের বাট দিয়ে পিটিয়ে মহানগর ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি লুত্ফর রহমান ওরফে পিয়ার ও ওই ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোজাম্মেল হকসহ ছয়জনকে আহত করেন। এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কয়েক শ কর্মী বেলা সাড়ে ১১টা পর্যন্ত থানা ঘেরাও করে বিক্ষোভ করেন। তাঁরা থানার পাশের গুদারাঘাট এলাকা অবরোধ করে টায়ারে আগুন ধরিয়ে দেন। পরে থানার ওসি এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।এ ব্যাপারে যুবলীগের সভাপতি লুত্ফর রহমান প্রথম আলোকে বলেন, আটক ব্যক্তিদের মধ্যে ইউসুফ নিরীহ স্বভাবের। তাঁকে ছাড়িয়ে আনতে গিয়ে তাঁরা পুলিশের পিটুনিতে আহত হলেন। তিনি দাবি করেন, থানার ওসিসহ পুলিশ কর্মকর্তারা জুয়ার আসর থেকে টাকা না পেলেই অভিযান চালায়। তিনি ওসিসহ দুর্নীতিপরায়ণ পুলিশ কর্মকর্তাদের অপসারণ দাবি করেন।ওসি আনিছুর রহমান, জুয়ার আসরে অভিযান চালাতে গিয়ে তাঁর বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে। তিনি বলেন, স্থানীয় সাংসদ বিষয়টি দেখবেন বলে তাঁকে বলেছেন।